জাপানের রাজধানী টোকিওর একটি রেস্তোরাঁয় ভোজনবিলাসীদের আনাগোনা। সেখানে একটি বিরল খাবার বিক্রি হচ্ছিল। সেটা কী? তেলে ভাজা পোকা মেশানো নুডলস।
প্রায় চার ঘণ্টার মধ্যে রামেন নাগি নামের রেস্তোরাঁটি ১০০ বাটি ‘পোকা-নুডলস’ বিক্রি করেছে। তারা কেবল গত রোববারের জন্যই এই খাবার রান্না করেছিল। প্রতি বাটি নুডলসের ওপরে ছড়ানো ছিল ডজনখানেক পোকা। এসবের মধ্যে ঝিঁঝি পোকাই বেশি ছিল। ক্রেতাদের কেউ কেউ সেগুলো ঘাসফড়িং বা রেশম পোকার স্বাদে তৈরি স্যুপে মিশিয়ে খেয়েছেন।
২২ বছর বয়সী ছাত্র আনরি নাকাতানি বলেন, ‘পোকাগুলো কড়া ভাজা, তাই মচমচে। খেতে মন্দ নয়। অনেকটা চিংড়ি ভাজার মতো।’
রেস্তোরাঁটির মালিক ২২ বছর বয়সী ইয়ুতা শিনোহারা এই বিশেষ খাবার বিক্রির আয়োজন করেছিলেন। তিনি টোকিওতে আগেও পোকা খাওয়ার অনুষ্ঠান একাধিকবার করেছেন। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একবার তিনি পোকামাকড়সমৃদ্ধ চকলেট, কেক ও মিশ্রিত পানীয় (ককটেল) বিক্রি করেন।
শিনোহারা শৈশব থেকেই পোকামাকড় খেতে শুরু করেন। এখন তিনি জাপান ও বিশ্বজুড়ে বিকল্প
খাবারের সংস্কৃতির পক্ষে কাজ করেন। নুডলসের মাধ্যমে তিনি মজার মজার সুস্বাদু স্বাদে পোকা রান্না করতে পারেন।
এ রকম খাবারের দরদাম কী রকম? পোকামাকড় দিয়ে তৈরি নুডলস প্রতি বাটি ২৭ মার্কিন ডলার, সঙ্গে আছে ঝিঁ ঝি পোকা মেশানো এক বাটি ভাত, আর পোকা মেশানো আইসক্রিম। শুধু নুডলস খেতে চাইলে আপনাকে সাড়ে ১৩ ডলার গুনতে হবে।
শুধু জাপান নয়, বিভিন্ন দেশের মানুষ পোকামাকড় খায়। যেমন: চীন, ঘানা, মেক্সিকো ও থাইল্যান্ড। অস্ট্রেলিয়ার আদি জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে পোকামাকড় খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করছে। জাপানের গ্রামাঞ্চলেও পোকা খাওয়ার ঐতিহ্য রয়েছে। তবে দেশটির শহুরে লোকজন সাধারণত এ ধরনের খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পায় না।
মার্কিন পর্যটক স্টিভ লি টোকিওর ওই রেস্তোরাঁয় গিয়ে পোকা-নুডলস খেয়েছেন। বললেন, মজা লেগেছে। ক্যালিফোর্নিয়ায় কবে এই খাবার চালু হবে, তিনি সেটাই ভাবছেন।