প্রচণ্ড খরায় ফটিকছড়ি উপজেলার ১৭টি চা-বাগানে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে চা-গাছে নতুন কুঁড়ি গজানোর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করছেন উপজেলার বিভিন্ন চা-বাগানের মালিক ও কর্মচারীরা।
সম্প্রতি উপজেলার কয়েকটি চা-বাগান ঘুরে দেখা গেছে, নতুন গজানো চায়ের কুঁড়িগুলো লাল মাকড়সাসহ বিভিন্ন পোকা নষ্ট করে ফেলেছে। অনেক গাছ পাতাশূন্য হয়ে পড়েছে। কিছু জায়গায় চা-গাছের পাতা লালচে হয়ে গেছে। আবার কিছু জায়গায় চা-গাছে মড়ক দেখা দিয়েছে।
উপজেলার কৈয়াছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মো. মামুন উদ্দিন জানান, গত এক সপ্তাহে বাগানে গড় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪২ দশমিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ চায়ের কুঁড়ি গজানোর জন্য ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ২০ থেকে ২৫ ইঞ্চি বৃষ্টিপাত দরকার। গত চার মাসে এ পর্যন্ত সর্বোচ্চ শূন্য দশমিক ১৯ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। উপজেলার অধিকাংশ চা-বাগানে প্রায় একই অবস্থা বিরাজ করছে।
উপজেলার রাঙ্গাপানি চা-বাগানের ব্যবস্থাপক সুখেন্দু রায় বলেন, এপ্রিল মাস থেকে চা-গাছে কুঁড়ি গজানো শুরু হয়।
বৃষ্টিপাতের তিন-চার সপ্তাহের মধ্যে গাছে নতুন কুঁড়ি গজাতে শুরু করে। কিন্তু গত তিন মাসেও প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়নি। প্রচণ্ড খরায় বাগানে বর্তমানে এক থেকে ১০ বছর বয়সের চা-গাছে লাল মাকড়সার আক্রমণ দেখা দিয়েছে। এ ছাড়া রয়েছে মরিচা রোগের প্রাদুর্ভাব। এগুলো চা-গাছের জীবনচক্র নষ্ট করে ফেলে।
হালদাভ্যালী চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রখর সূর্যতাপে চা-গাছের কুঁড়ি ঝলসে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না। মাটির আর্দ্রতা না থাকায় সার দেওয়া যাচ্ছে না। এতে চায়ের ফলন কম হবে। অর্জিত হবে না চা-উৎপাদনের লক্ষ্যমাত্রাও।
উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহাব উল্লাহ সরকার জানান, তাঁদের বাগানের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে লাল মাকড়সা আক্রমণ করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় কীটনাশক ছিটিয়ে দেওয়া হচ্ছে। তার পরও নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়েছে।
কর্ণফুলী চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, লাল মাকড়সা এবং মরিচা রোগের সংক্রমণে তাঁদের কোম্পানির দুইটি বাগানের প্রায় ১৫-২০ হেক্টর এলাকার চা-গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাপমাত্রা অনুকূল থাকলে ও বৃষ্টিপাত হলে এসব জায়গায় কমপক্ষে দেড়মাস পর নতুন কুঁড়ি গজাতে পারে বলে তিনি জানান।
চা-সংসদ চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুল হাসান বলেন, এই মুহূর্তে স্বাভাবিক বৃষ্টিপাত শুরু না হলে চলতি মৌসুমে চা উৎপানে মারাত্মক প্রভাব পড়বে।