পোড়া মুখের করুণ কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড দগ্ধ নারীদের পোড়া মুখের নিচে কত যে করুণ কাহিনি লুকিয়ে থাকতে পারে অমাবস্যা নাটক তারই দৃষ্টান্ত। দরিদ্র কৃষকের মেয়ে আম্বিয়ার রূপই হলো তার বিপদের কারণ। গ্রামের মহাজনের ছেলে সেলিম তাঁর সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করে। কিন্তু অসম সেই প্রেমের খেসারত দিতে হয় আম্বিয়াকে। প্রেমিক সেলিমের ছোড়া অ্যাসিডেই ঝলসে যায় তার মুখ। ১২ ফেব্রুয়ারি নরেন আবৃত্তি একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয় এই নাটক। প্রয়াত নাট্যজন শোভনময় ভট্টাচার্য রচিত ও নির্দেশিত এই নাটক চোখ ভিজিয়েছে দর্শকদের।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া অনুষ্ঠানে নাটকের পাশাপাশি ছিল পালা ও আবৃত্তি। শুরুতে সংগঠনের পরিচালক মিশফাক রাসেলের সভাপতিত্বে আয়োজন করা হয় কথামালার। অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, রাশেদ হাসান, মাহবুবুর রহমান, সেলিম রেজা, সংগঠনের সভাপতি সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওশিন বিনতে জামাল।
অমাবস্যা নাটকে পুঁথি পাঠের আদলে তুলে ধরা হয় আম্বিয়ার কাহিনি। অ্যাসিড সন্ত্রাস যে শেষ পর্যন্ত জঘন্য মানবতাবিরোধী অপরাধ সে কথা আরও একবার মনে করিয়ে দেওয়া হয় দর্শকদের। নাটকে অভিনয় করেন রিপন ধর, সৈয়দ হোসেন, তোরসা, সৌরভ, খলিল, ফাহাদ প্রমুখ।
নাটকের পর আমন্ত্রিত আবৃত্তি শিল্পীরা মঞ্চ মাতান। বেলায়েত হোসেন নির্মলেন্দু গুণের ‘এক রিকশা চালকের গল্প’, আবুল হোসেনের ‘িব এইচ রেলওয়ে’ ও গোলাম কুদ্দুসের ‘সুখের দেশে সুখের মানুষ’ আবৃত্তি করে শোনান। দর্শকদের মন জয় করেন রাশেদ হাসানও। তিনি শোনান ইব্রাহিম আজাদের ‘উৎসর্গ’, শুভাগত দাশ গুপ্তের ‘রাত বেড়েছে’ ও সৈয়দ শামসুল হকের ‘পরানের গহিন ভেতর’। ভালো লেগেছে মাহবুবুর রহমান, সেলিম রেজা, এহতেশামুল হক, প্রিয়ম দাশ, গৌরী নন্দিতা ও ঊর্মি দেবের আবৃত্তি।
অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা ছিল কাব্যপালা ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’। এই পালায় দেখা যায়, শ্রীলেখা ও জামালের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় গ্রামের পঞ্চায়েত প্রধান। সংস্কার, অন্ধত্ব আর লোভের কাছে পরাজিত হয় প্রেম। মোকাদ্দেম মোরশেদ রচিত এই পালার নির্দেশনা দেন মিশফাক রাসেল। এতে পোশাক পরিকল্পনায় মিতাশা মাহরিন, সংগীতে দিদারুল আলম, আলোকসজ্জায় শহীদুল করিম ও রূপসজ্জায় ছিলেন শাহীনুর সরোয়ার।