চট্টগ্রাম পোর্ট এক্সেস সড়ক ট্রেইলর ও কাভার্ড ভ্যান টার্মিনালে পরিণত হয়েছে। সিপিএ (চিটাগাং পোর্ট এক্সেস) ফটক থেকে মধ্যম হালিশহর মাঝিরপাড়া পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ এ সড়ক ঘেঁষে অঘোষিত এ টার্মিনাল গড়ে উঠেছে। ট্রেইলর ও কাভার্ড ভ্যান রাখায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। এতে পণ্যবাহী যান চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া সড়কের ওপর এসব গাড়ির মেরামতকাজ চলার ফলে পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।১০ জুলাই সরেজমিন পরিদর্শন ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিপিএ ফটক থেকে মধ্যম হালিশহর এলাকায় চট্টগ্রাম পোর্ট এক্সেস সড়ক ঘেঁষে ১৪-১৫টি গ্যারেজ গড়ে উঠেছে। সড়কের উভয় পাশে বেশকিছু ট্রেইলর ও কাভার্ড ভ্যানের মেরামতকাজ চলছে। এতে ওই সড়ক দিয়ে বন্দরের পণ্যবাহী গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের ওপর শ্রমিকেরা এমনভাবে গাড়ি মেরামতের কাজ করছেন, যাতে অন্য যানবাহন চলাচলের সময় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।জানা যায়, বন্দর নিরাপত্তা শাখা পাঁচের ৬০০ গজ উত্তরে বিসমিল্লাহ মোটর ওয়ার্কশপ, টোল প্লাজা এলাকায় দ্য ন্যাশনাল ক্যারিয়ার, ইছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ এলাকায় শুকতারা মোটর ওয়ার্কশপ, মধ্যম হালিশহর মাঝিরপাড়া এলাকায় বাগদাদ মোটর ওয়ার্কশপ, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ আরও সাত-আটটি পরিচিত ফলকবিহীন গ্যারেজ গড়ে উঠেছে।এ সময় দেখা গেছে, সড়কের বড় একটি অংশ দখল করে চট্ট মেট্রো ই-৮১-০২৬৭, ঢাকা মেট্রো ঢ-৮১-০১১৪, চট্টমেট্রো ঢ-৮১-০২৬১, চট্টমেট্রো ই-৬১-০১৩৩, চট্টমেট্রো ই-৮১-০৩০৯-সহ অন্তত ৩৫টি ট্রেইলর দাঁড়িয়ে আছে। স্থানীয় লোকজন জানান, এসব গ্যারেজে মেরামতের জন্য আসা ট্রেইলর, কাভার্ড ভ্যান ও ট্রাক চট্টগ্রাম পোর্ট এক্সেস সড়কের উভয় পাশ দখল করে দাঁড়িয়ে থাকে। এসব গাড়ির যান্ত্রিক ত্রুটি সারানোর কাজও চলে সড়ক দখল করে।মধ্যম হালিশহর ফকিরপাড়া এলাকায় সড়কের ওপর কাভার্ড ভ্যান মেরামতের (ঢাকা মেট্রো ক-১১-৪৯০৮) কাজ করছিল কিশোর মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ রিপন। দুজনেই সড়কের পাশের বাগদাদ মোটর কারখানার কারিগর পরিচয় দিয়ে জানায়, তারা প্রায় সময় এ সড়কে গাড়ির মেরামতের কাজ করে।ইছাক ব্রাদার্সের বন্দর এলাকার কার্যক্রম তদারককারী পরিচয় দিয়ে মাঈন উদ্দীন নামে এক ব্যক্তি বলেন, ‘সড়কের অধিকাংশ জায়গা দখল করে ট্রেইলর দাঁড়িয়ে থাকা এবং রাস্তার পাশে গ্যারেজে গাড়ির কাজ চলার কারণে বন্দরের পণ্যবাহী গাড়ি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।’ একই রকম মন্তব্য করেন কেডিএস গ্রুপের পোর্ট অপারেশন ইনচার্জ মোহাম্মদ হান্নান।চট্টগ্রাম বন্দর নিরাপত্তা শাখা-৫ (২ ঙ) এর প্লাটুন কমান্ডার মো. মমিনুর রহমান বলেন, ‘আমরা বন্দরের পরিচালকের (নিরাপত্তা) কাছে সড়কের জায়গা দখল করে দাঁড়িয়ে থাকা ট্রেইলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়ক ঘেঁষে গড়ে ওঠা গ্যারেজ উচ্ছেদের জন্য লিখিতভাবে আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ মধ্যম হালিশহর মাঝিপাড়া এলাকায় সড়কের ওপর চট্টমেট্রো ট-১১-২৪৫৩ নম্বরের কাভার্ড ভ্যানের মেরামত কাজে নিয়োজিত কিশোর সুজন বড়ুয়া নিজেকে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কারিগর পরিচয় দিয়ে বলে, ‘আমরা তো প্রতিদিন সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে রেখেই কাজ করি।’ ভুক্তভোগীদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শুকতারা মোটর ওয়ার্কশপের ফোরম্যান আবুল বশর বলেন, ‘আমাদের গ্যারেজে কাজ করানোর জন্য আসা কোনো ট্রেইলর-কাভার্ড ভ্যান বা ট্রাক এ সড়কের ওপর রাখা হয় না।’এ প্রসঙ্গে মহানগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘উড়াল সেতু নির্মাণ কাজের জন্য পোর্ট এক্সেস সড়কটির প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু কাস্টমস উড়াল সেতুর নিচে সিপিএ ফটক দিয়ে ট্রেইলর ও কাভার্ড ভ্যান যাতায়াত করছে। এরপরও কেন সড়ক দখল করে ট্রেইলর দাঁড়িয়ে থাকে জানতে চাইলে তিনি বলেন, ‘বন্দরে ঢোকার পথটি খুলে দিলে বর্তমান চিত্র পাল্টে যাবে।’