পোর্ট্রেট ফটোগ্রাফিক কার্নিভাল
অপরূপ পাহাড় ছুঁয়ে যায় মেঘের ভেলা। পাহাড়চূড়ায় ছোট ছোট বাড়িতে শৈল্পিক আলোর ছটা। নৈসর্গিক রূপের পেখম খোলা নদী আর স্বচ্ছ জলরাশির ছড়া-ঝরনাধারা। হাসিখুশি পাহাড়ি মানুষ, চেহারায় পরিশ্রমে অভ্যস্ততার ছাপ। এমন দৃশ্য বান্দরবানের মানুষের চিরচেনা। কিন্তু সেই একই দৃশ্য ক্যামেরার পেছনে এলসিডি মনিটরে দেখে অবাকই হলেন তাঁরা। বলেই ফেলেন, দারুণ তো! বান্দরবানে আলোকচিত্রবিষয়ক সংগঠন পোর্ট্রেট আয়োজিত দুই দিনের ফটোগ্রাফিক কার্নিভালে এ রকম অনেক ঘটনাই ঘটেছে। ৩ জুন বান্দরবান প্রেসক্লাবে কার্নিভালের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈ শ্য হ্লা। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ওসমান গনি, চৌধুরী গ্রুপের মহাব্যবস্থাপক আরমান আরিফ, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী।প্রধান অতিথি বলেন, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য বহুমাত্রিক। একে পর্যটন এলাকায় পরিণত করার পেছনে আলোকচিত্রীদের ভূমিকা অনস্বীকার্য। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সেমিনার। ‘ফিল্ম ক্যামেরা বনাম ডিজিট্যাল ক্যামেরা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন আলোকচিত্রী শোয়েব ফারুকী। আলোচনা করেন আলোকচিত্র সাংবাদিক দেব প্রসাদ দাশ, শাহাজাহান চৌধুরী প্রমুখ। রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতের শিল্পী মাহবুবা কামাল ও আলতুসী। সঞ্জয় চৌধুরীর পরিচালনায় এ পর্বে আরও গান করে শিশুশিল্পী তামান্না। যন্ত্রানুষঙ্গে ছিল এসআরএস মিউজিশিয়ান টিম।৪ জুনের আয়োজনে ছিল বান্দরবান থেকে নীলগিরি এলাকাজুড়ে আউটিং। দিনব্যাপী আউটিংয়ে আলোকচিত্রীরা পাহাড়ের মানুষগুলোর জীবনধারা, প্রাকৃতিক দৃশ্য, লোকজ ঐতিহ্য প্রভৃতির ছবি তোলেন আর মতবিনিময় করেন। কুমিল্লার শাহজাহান চৌধুরী, নারায়ণগঞ্জের প্রণব রায়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জন আলোকচিত্রীর স্বচ্ছন্দ অংশগ্রহণে জমজমাট ছিল কার্নিভাল।বিকেলে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের সনদ বিতরণ করা হয়। সভায় জানানো হয়, ২০১২ সালে পোর্ট্রেট ফটোগ্রাফিক কার্নিভাল হবে সিলেটে।