পোর্ট্রেটের জমকালো অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নাচ, ফ্যাশন—সবখানেই আলোর ঝলকানি। উচ্ছ্বসিত দর্শক-শ্রোতার মুহুর্মুহু করতালিতে বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নিলেন ১২ আলোকিত মুখ। ৮ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) হয়ে গেল পোর্ট্রেটের মি. অ্যান্ড মিস চিটাগাং ২০০৯-এর জমকালো অনুষ্ঠান। ২০০৮ সালের ৯ ডিসেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩০০ জন। এর মধ্য থেকে নানা ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে এসেছেন ছয় ছেলে ও ছয় মেয়ে। এবার বাপ্পি ও সংগীতা বেস্ট পারফরমেন্স, সাকি ও ঐশী বেস্ট লুক, সানি ও মুক্তা বেস্ট ফিগার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাফত, প্রিয়াংকা ও নিলা (দর্শক ভোটে) বেস্ট ট্যালেন্ট এবং সোহরাব, বাবু ও লিজা রাইজিং স্টার নির্বাচিত হন। বিচারক ছিলেন কবি বিশ্বজিত্ চৌধুরী, আলোকচিত্রী তাপস বড়ুয়া ও মডেল তনুশ্রী বড়ুয়া। সাতটা এক মিনিটের অনুষ্ঠান শুরু হয় এক ঘণ্টা দেরিতে, রাত আটটায়, লাভলি আকতার ওরফে নিশাতের উপস্থাপনায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। তিনি বলেন, যানজটের কারণে নির্ধারিত সময়ে দুইজন প্রতিযোগী ও অনেক অতিথি আসতে না পারায় অনুষ্ঠান শুরুতে দেরি হয়েছে। যথাযথ পৃষ্ঠপোষকতা না পাওয়ায় ছোট আঙ্গিকে অনুষ্ঠান করতে হচ্ছে। প্রথমে মঞ্চ আলো করে আসে লিটল মি. অ্যান্ড মিস চিটাগাং বিজয়ী নয় শিশু। তারা ‘নমঃ নমঃ বাংলাদেশ’, ‘ধন ধান্য পুষ্প ভরা’ ও ‘এমন দেশটি কোথাও খুঁজে’ গানের সঙ্গে পরিবেশন করে নৃত্য। এরপর যোগ দেয় আরও ছয় শিশু। ‘এলো বৈশাখ বৈশাখ’ গান ও নাচে একঝাঁক পরি যেন স্বাগত জানাল বৈশাখকে। লিটল মিস রাইসা ‘আমার আছে জল’ গেয়ে শোনাল। সুরের তালে পশ্চিমা পোশাক পরে ক্যাটওয়াকে অংশ নিলেন ছয় ছেলে প্রতিযোগী। তাঁদের কিউটি ছিল স্বচ্ছন্দ, গতিময়। আবার শুরু হলো নাচ। এবার ঝলমলে পোশাক পরে এলেন প্রাপণ একাডেমির শিল্পীরা। ‘মায়াবী মাতোয়ালি’ গানের কিউতে দর্শকদের মুগ্ধ করেন ছয় মায়াবী মুখ। আবার নাচ। এবারের শিল্পী স্বপন বড়ুয়া ও সপ্তর্ষী বড়ুয়া। ‘বিমূর্ত এই রাত্রি’ গানের সঙ্গে তাঁদের নাচ পুরোপুরি মূর্ত হলো না। একটু যেন খাপছাড়া জুটি। তবে সাদা পোশাকে লাগছিল দারুণ। এবার গান নিয়ে এলো লিটল মিস্টার সৌমিক। পকেট বোঝাই জিনস, হাফ শার্ট, ক্যাডস পরা সৌমিকের মাথায় বাঁধা ছিল গামছা। তার ‘গ্রামের নওজোয়ান...’ গানের প্রথম দিকে দর্শকের উচ্ছ্বাস ছিল। আবার মঞ্চে এলেন রূপম চক্রবর্তী। জমকালো শেষ কিউর জন্য সময় চাইলেন দুই মিনিট। কিন্তু উপস্থাপিকা ঘোষণা দিলেন নাচের। প্রাপণের পাঁচ শিল্পী ‘কেমনে ভুলিব আমি’ ও ‘কৃষ্ণা আইলা রাধার কুঞ্জে’ গানের সঙ্গে নাচলেন। অবশেষে ‘ভালোবাসি বড় ভালোবাসি এর চেয়ে’ গানের সঙ্গে যুগল কিউটি নিয়ে এলেন ১২ প্রতিযোগী। মেয়েদের ভারী কারচুপি কাজের শাড়ি, ঘাগরা আর পাঞ্জাবি ও শেরওয়ানি পরা ছেলেদের সুন্দরই লাগছিল বেশ। আবার নাচ। অনন্যা বড়ুয়ার পরিচালনায় ‘তাক ধিনা ধিন’ নাচের আবহ ছিল বৈশাখের। দুই ছেলের গলায় ছিল ঢোল। এবার শিল্পী ডেইজির গান। ‘আমার ভেঙে গেছে মন’, ‘একটু আরও আয় না কাছে’ ও ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ গানগুলো ভালোই গেয়েছেন তিনি। বিচারকদের অনুরোধে আবার যুগল কিউটি নিয়ে এলেন প্রতিযোগীরা। আবার সেই গান। সেই কিউ। তবে এবার একটু ক্লান্ত ছিলেন তাঁরা। এরপর বিচারকেরা এলেন মঞ্চে। কবি বিশ্বজিত্ চৌধুরী হেলেনের হাতে আপেল তুলে দেওয়ার গল্প শোনান আর বলেন, ‘বিচার করা একটি কঠিন পরীক্ষা। এখানে সব প্রতিযোগীর পার্থক্য ১৯ আর ২০। বড়জোর ১৮ আর ২০। তাই কাউকে একক ভাবে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।’ ফলাফল ঘোষণা করলেন তনুশ্রী বড়ুয়া। বিজয়ী তিন মেয়েকে মুকুট পরিয়ে দিলেন ২০০৭ সালের মিস চিটাগাং নাবিলা, ২০০৮ সালের প্রিয়াম এবং ফেরদৌসী প্রিয়াম। তিন ছেলের হাতে স্মারক তুলে দেন কবি এজাজ ইউসুফী, জাকির হোসেন মজুমদার ও আরমান আরিফ। বাকি ছয়জন পুরস্কার পাবেন ১৮ এপ্রিল সংবর্ধনা অনুষ্ঠানে, জানালেন পোর্ট্রেট পরিচালক । বেস্ট লুক নির্বাচিত এনায়েত বাজার মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ঐশী জানান, তিনি মিস বাংলাদেশ হতে চান। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিও বেস্ট লুক হয়েছেন। সাকি বলেন, তিনি ভালো মডেল হতে চান।