পোর্ট্রেটের ২২ বছর পূর্তি উদ্যাপন
‘সাদাকালো ছবির সময় থেকে ডিজিটাল প্রযুক্তি—চট্টগ্রামের আলোকচিত্র সংগঠন পোর্ট্রেট ক্যানভাসে ফুটিয়ে তুলেছে শিল্প-সংস্কৃতি, মানুষের জীবন তথা আবহমান বাংলার নানা চিত্র। আর তাই সময়ের চাহিদা মেটাতেই এই নামটি এখন শুধু আলোকচিত্রে সীমাবদ্ধ নেই; কাজ করছে সংস্কৃতির নানা ক্ষেত্রেও।’ আলোকচিত্র ও সংস্কৃতিবিষয়ক সংগঠন পোর্ট্রেটের ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার নগরের একটি রেস্টুরেন্টে তারকা আর সুধীজনেরা উপস্থিত থেকে কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বার্তা সংস্থা বিএনএর সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাসান ফেরদৌস, পিএইচপি স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। আলোচনার পর আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এরপর ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন গানের দল আসুওয়াদ, শিল্পী চৈতী, নির্বাচিতা ও লিটন সেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আসাদুজ্জামান।