মিলনায়তনে ঢুকতেই চমকে দেয় অন্য রকম একটি শাড়ি। সুতা, তাঁত ও পলিস্টারের শাড়িটার পরতে পরতে যেন বাংলার গান, বাঙালির ঐতিহ্যগাথা। তুলি, সুঁই ও ছাপার কারুকাজে এতে উঠে এসেছে আবহমান বাংলার নানা দৃশ্য। শাড়ির উদার জমিনে উড়ছে ঘাসফড়িং, শোভা পাচ্ছে নববধূর লাজরাঙা মুখ। পাশের গ্রামীণ চেক ও গামছায় আদিবাসী জীবন। কাঠের টুকরা, ঝিনুক, শামুক, কড়ি, দড়ির মতো ফেলনা জিনিসগুলো নানা আলপনায় হয়ে উঠেছে অলংকার। পোশাক ও অলংকারে শিল্পিত ছোঁয়ায় ফুটে উঠে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানাদিক। পয়লা বৈশাখ উপলক্ষে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পোশাক ও শিল্পসম্ভার প্রদর্শনী নব সূর্যালোকের আয়োজন করে আরিয়ন ফ্যাশন। ১০-১২ এপ্রিল এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমীতে। প্রদর্শনীতে ছিল পোশাকের মেলা—শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট। থলে, তালের পাখা, মাটির সরাইসহ ১৭ ধরনের পোশাক ও শিল্পসামগ্রী। নববর্ষ উপলক্ষে শাড়িগুলোর দাম রাখা হয় ৫০০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে। ফতুয়া তৈরি হয়েছে ছেলেমেয়ে ও শিশুসহ সব বয়সীদের কথা মাথায় রেখে। ভিন্নতা ছিল ডিজাইন ও ফিউশনে। টি-শার্টে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে ঢোল, টমটম, নকশি পিঠা ও নাগরদোলা। আরিয়ন দেখিয়েছে দেশি ফেলনা জিনিসও হতে পারে চমৎকার অলংকার। ফিরিঙ্গিবাজার থেকে আসা গৃহিণী শাহেদা শিরিন বলেন, ‘নতুন আঙ্গিকে বিলুপ্ত বাঙালি ঐতিহ্য দেখে অভিভূত হচ্ছি। মনে হচ্ছে, সংস্কৃতি ও ঐতিহ্যে আমরা কোনো দিনই পিছিয়ে ছিলাম না।’ গৃহিণী রুবি বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র শাহ আমিন মন্তব্য করলেন স্বতঃস্ফূর্ত হয়ে। তাঁরা বললেন, ‘প্রদর্শিত পোশাকে বাঙালি ঐতিহ্যের স্ফুরণ সত্যিই প্রশংসার যোগ্য।’ আরিয়নের প্রতিষ্ঠাতা আমিনা রহমান জানান, ‘একাডেমিক পড়াশোনা ছাড়াই শুধু আগ্রহের কারণে দেশি ঐতিহ্যে পোশাকের নকশা করি। তবে ২০০৩ সালে আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় পুরস্কার জেতার পর পুরোপুরি সম্পৃক্ত হওয়ার উৎসাহ পাই।’