পোশাক-নকশায় মুড বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশিকাঁথার নকশা, বোতাম, সুতা আর জরির কাজে ফুটে ওঠা দেয়ালে ঝোলানো বোর্ডগুলো। কয়েকটি বোর্ডে মূল কাগজের ওপর কোলাজ করে বসানো হয়েছে পারফিউম, জুতা, ঘড়ি, কলস আর গয়নাসহ নানা কিছুর ছবি। কোনোটিতে স্থান পেয়েছে ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি। আছে শঙ্খ, শামুক কিংবা কানের দুলও। নানা কিছুর ছবি অথবা কোনো বস্তু দিয়ে কম্পোজিশন করে বানানো হয়েছে এগুলো। বোর্ডগুলোর দিকে তাকালে এক পলকে তাকিয়ে থাকতেই ইচ্ছে করবে গঠনশৈলীর কারণে। জানা গেল এগুলো মুড বোর্ড। গত ২৮ আগস্ট থেকে নয়জন পোশাক ডিজাইনারের বানানো এ রকম বেশ কিছু মুড বোর্ড নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে শুরু হয়েছে ‘ওয়ালিস ডিজাইনারস মুড বোর্ড প্রেজেন্টেশন’ শীর্ষক মুড বোর্ড প্রদর্শনী।প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা ও ডিজাইনার জাহাঙ্গীর কবির বলেন, ‘মুড বোর্ড একধরনের পোস্টার, যেখানে লেখা, ছবি অথবা কোনো কিছুর নকশা থাকে। বাংলাদেশে এ বোর্ড একেবারে নতুন হলেও বিশ্বের নানা দেশে দেশের পোশাক ডিজাইন থেকে শুরু করে চলচ্চিত্র, বিজ্ঞাপন ইত্যাদি কাজে এটি ব্যবহূত হয়। তবে পোশাক-নকশাতেই এটি বেশি ব্যবহার করা হয়। এ দেশের পোশাক-নকশায় এর প্রচলন করতেই এ ধরনের প্রদর্শনীর আয়োজন।’ তিনি আরও জানান, মুড বোর্ড পোশাক-নকশায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। যখন কোনো ডিজাইনার নকশা করেন, তখন তাঁর সামনে ওই বিষয়ক একটি মুড বোর্ড থাকলে নকশার কাজটি সহজ হয়।ফ্যাশন মুড বোর্ড বা পোশাকের নকশায় ব্যবহূত বোর্ডে পোশাকের স্কেচে নজর দেওয়া হয় বেশি। এখানে হয়তো ম্যাগাজিনের কোনো অংশ, কোনো সমুদ্রতরঙ্গের ছবি অথবা গাঢ় নীল কোনো গাউন কিংবা ডিজাইনারকে আকৃষ্ট বা অনুপ্রাণিত করে, সে রকম কোনো ছবি বা স্কেচও থাকতে পারে। কোনো বিবৃতি, এমনকি এক টুকরো ফিতাও ফ্যাশন মুড বোর্ডের অংশ হতে পারে।কখনো কখনো ডিজাইন পরিকল্পনাকে অনুপ্রাণিত করে এমন কিছু ছবি ও ম্যাগাজিন থেকে মুড বোর্ডে জায়গা পায়। এমনকি স্কেচ কিংবা ফ্লোর পরিকল্পনাও এর অংশ হতে পারে। রঙিন কোনো ধাতব টুকরো কিংবা এক টুকরো কাপড়ও কখনো কখনো ফ্যাশন মুড বোর্ডের অংশ হয়ে ওঠে। মুড বোর্ড দেখে ডিজাইনার সিদ্ধান্তে আসেন, মূল ডিজাইন তাঁর পছন্দ হয়েছে কি না।প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী শম্পা রেজা ও ত্রপা মজুমদার, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ প্রমুখ।প্রদর্শনী প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে অংশ নিয়েছেন জাহাঙ্গীর করিম, এ বি ওয়ালী উদ্দিন আহমেদ, মালা মাহবুবা, নাজমা মানবি, অ্যালেক্সিস খান, অভিজিত সাহা, তাহিমনা ফেরদৌস, আইশা খালেক ও সৈয়দা তাহিরমা পারভিন।