ফ্যাশন ডিজাইন টেকনোলজি এবং অ্যাপারেলস মার্চেন্ডাইজিং বিষয়ে প্রথমবারের মতো উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হলো নগরে। এ দুটি বিষয়ে এখন থেকে সম্মান কোর্সে পড়তে পারবে চট্টগ্রামের শিক্ষার্থীরা। আর পুরো বিষয়টি সম্ভব হয়েছে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএর সহযোগিতার কারণে। গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের (সিবিআইএফটি) নতুন ক্যাম্পাস এবং চার বছর মেয়াদি সম্মান কোর্সের উদ্বোধন করেন। নগরের খুলশী এলাকায় অবস্থিত বিজিএমইএ ভবনের পঞ্চমতলায় ফ্যাশন ডিজাইনিং টেকনোলজি এবং অ্যাপারেলস মার্চেন্ডাইজিং নামে দুটি বিষয় নিয়ে এই ইনস্টিটিউট চালু হয়েছে। সিবিআইএফটি কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, দেশের পোশাকশিল্পকে আরও সামনে এগিয়ে নিতে এই ইনস্টিটিউট চালু করা হয়েছে। দেশের কয়েকটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা ক্লাস পরিচালিত হবে। বছরে দুইবার (ছয় মাসে একবার) প্রতিটি বিষয়ে ৫০টি করে মোট ১০০টি আসনে ভর্তির সুযোগ রয়েছে। মোট আটটি সেমিস্টারে চার বছর মেয়াদি এই সম্মান কোর্স পরিচালিত হবে। ইতিমধ্যে ১৫ জন করে মোট ৩০ জনকে নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে গেছে।বিজিএমইএর এই উদ্যোগকে পোশাকশিল্পে নতুন সম্ভাবনার খাত উল্লেখ করে তিনি আরও বলেন, এর আগে ফ্যাশন ডিজাইনিং এবং অ্যাপারেলস মার্চেন্ডাইজিং বিষয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় কিংবা দেশের বাইরে যেতে হতো। কিন্তু ফ্যাশন টেকনোলজির ওপর উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ চট্টগ্রামে এই প্রথম চালু করেছে বিজিএমইএ। তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিক পাস যেকোনো শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এই দুটি বিষয়ে উচ্চ শিক্ষা নিতে পারবে। মোট আট সেমিস্টারে কোর্স ফি লাগবে পাঁচ লাখের মতো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলকারীদের জন্য বৃত্তির ব্যবস্থাও আছে। ভবিষ্যতে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ভাবনা আছে বলেও তিনি জানান।জানা গেছে, গত ডিসেম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন পায় এই ইনস্টিটিউট। চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী এলাকার বিজিএমইএ কার্যালয়ের পঞ্চমতলায় শীতাতপ নিয়ন্ত্রিত ভবনে ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়েছে। ইনস্টিউটের সুযোগ-সুবিধার মধ্যে আছে কম্পিউটার ল্যাব, পাঠাগার, অত্যাধুনিক সুইং ল্যাব ও অটো ক্যাড ল্যাব। নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘ফ্যাশন ডিজাইনিং বিষয়ে আগ্রহী চট্টগ্রামের শিক্ষার্থীদের সম্ভাবনার দ্বার খুলল। পোশাক কারখানাগুলোতে বিদেশ থেকে টেকনিশিয়ান আনতে হয়। দেশের দক্ষ জনবলের অভাবে আকর্ষণীয় বেতনের এসব পদ বিদেশিদের দখলে চলে যাচ্ছে। দেশের শিক্ষার্থীদের যদি এই বিষয়ে হাতে-কলমে শিক্ষা দিয়ে গড়ে তোলা যায়, তবে আমরা দক্ষ জনবল পাব। তৈরি পোশাক পণ্যের উৎপাদনও বৃদ্ধি পাবে।’ এ বিষয়ে কথা হয় চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরীর সঙ্গে। বিজিএমইএর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে অনেক আগেই ফ্যাশন ডিজাইনিং বিষয়ে কোর্স চালু করা উচিত ছিল। ঢাকা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। ঢাকায় যে পরিমাণ ফ্যাশন ডিজাইনিং বিষয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়েছে, চট্টগ্রামে তা হয়নি। আশার কথা, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনেক পরে হলেও এর প্রয়োজনীয়তা অনুভব করেছেন।’