কাজ শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন আবুল মিয়া। আগ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত বাদামতল মোড়ে এক ঘণ্টা দাঁড়িয়েও বাসে উঠতে পারলেন না। কারণ জানতে চাইলে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘প্রতিদিন এ কষ্টের মধ্যে পড়ি। অনেক সময় সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও গাড়ি পাওয়া যায় না। এ সময় দেখা যায় অনেক বাস পোশাকশ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যস্ত থাকে। আর আমরা গাড়ি পাই না।’ কার্যালয় শুরু ও ছুটির সময় গণপরিবহনসংকটে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসের দেখা মেলে না। অনেকক্ষণ দাঁড়ানোর পর যখন একটি বাস আসে, সেটাতে ওঠার কোনো অবস্থা থাকে না। ফলে অনেকে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশায় চড়েন। আর মানুষের দুর্ভোগকে পুঁজি করে তাঁরা হাতিয়ে নেন তিন-চারগুণ বেশি ভাড়া। যাত্রীদের অভিযোগ, কার্যালয় শুরু ও ছুটির সময়ে অধিকাংশ সিটিবাস ও হিউম্যান হলার ব্যস্ত থাকে পোশাক কারখানার শ্রমিক পরিবহনে। গণপরিবহন-সংকটের মূল কারণ এটি।৮ নম্বর রুটের সিটিবাস চালক (চট্টমেট্রো-জ-১১-০৭৫৩) টিপন বড়ুয়া বলেন, ‘আমার গাড়ি প্রতিদিন সকাল সাড়ে ছয়টা এবং সন্ধ্যায় বহদ্দারহাট থেকে বায়েজিদ এলাকার একটি গার্মেন্টসের ভাড়ায় থাকে। দিনে অন্যান্য সময়ে সাধারণ যাত্রীদের ভাড়া টানি। তবে সকাল-বিকেল দুবার গার্মেন্টসের শ্রমিকদের ভাড়া টানার কারণে অন্য যাত্রীদের যাতায়াতে কষ্ট হয়।’ একই মন্তব্য করেন সিটিবাস চালক (চট্টমেট্রো-চ-১৯৬২) মো. সাগরও।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্র জানায়, চট্টগ্রামে প্রায় ৭০০ পোশাকশিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় পাঁচ লাখ শ্রমিক কর্মরত আছে। নগরের ইপিজেড, আগ্রাবাদ, সাগরিকা, বায়েজিদ, কালুরঘাট, অক্সিজেন, বালুছড়া ও নাসিরাবাদ শিল্প এলাকায় এসব প্রতিষ্ঠানগুলোর অবস্থান। এসব প্রতিষ্ঠানে শ্রমিক আনা-নেওয়ার জন্য নিজস্ব পরিবহনব্যবস্থা নেই। নগরের বিভিন্ন রুটে চলাচলরত সিটিবাস বা হিউম্যান হলার ভাড়া করে শ্রমিকদের আনা-নেওয়া করে। জিইসি মোড়ে সিটিবাসের ১০ নম্বর রুটের টিকিট বিক্রেতা মোহাম্মদ ইউছুপ বলেন, ‘সকাল-বিকেল পিক আওয়ারে শত শত সিটিবাস গার্মেন্টসের শ্রমিকদের ভাড়া টানে। আর এ সুযোগে ট্যাক্সিচালকেরাও বেপরোয়া হয়ে ওঠেন।’ বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘পাঁচ লাখ শ্রমিকের মধ্যে ৫০ হাজার শ্রমিক আনা-নেওয়ার কাজে নগরের বিভিন্ন রুটে চলাচলকারী সিটি বাস-মিনিবাস ব্যবহূত হচ্ছে।’ চট্টগ্রামের অর্ধেক পোশাক-কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার জন্য নিজস্ব পরিবহনব্যবস্থা রয়েছে বলে তিনি দাবি করেন।এ প্রসঙ্গে নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমদ বলেন, বর্তমানে পোশাক-কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার জন্য ৮০টি বাস রয়েছে। তবে এর সঙ্গে আরও ৫০-৬০টি গাড়ি যুক্ত হলে পিক আওয়ারে যাত্রীদের ভোগান্তি কমে আসবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সকালের চেয়ে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত যাত্রীদের ভোগান্তি হয় খুব বেশি। সন্ধ্যার দিকে একসঙ্গে সব পোশাক-কারখানার ছুটি হওয়ায় শ্রমিকেরা দলবেঁধে রাস্তা দখল করে হাঁটতে থাকেন। এ সময় সংশ্লিষ্ট এলাকায় সৃষ্টি হয় প্রচণ্ড যানজট। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, নগরের ১২টি রুটে দেড় হাজার সিটি বাস চলাচল করছে। এর মধ্যে পিক আওয়ারে পাঁচ শতাধিক গাড়ি বিভিন্ন পোশাক-কারখানার শ্রমিকদের পরিবহন করে। বিআরটিএর সহকারী পরিচালক শহীদুল আজম প্রথম আলোকে বলেন, পোশাক-কারখানার মালিকদের নিজস্ব পরিবহন বাড়ানো দরকার। চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘জেলা এলাকা থেকে পোশাকশ্রমিকদের আনা-নেওয়ার জন্য ৫০টি বাসের রুট পারমিট বিআরটিএ থেকে নেওয়া হয়েছে। বিজিএমইএ চাইলে আমরা আরও গাড়ি সরবরাহ করব।’ তিনি আরও বলেন, চট্টগ্রামের পোশাক-কারখানা কর্তৃপক্ষের শতকরা ৯০ ভাগের নিজস্ব পরিবহনব্যবস্থা না থাকায় এর প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর।