পোশাকে ঈদের আনন্দ
১০ আগস্ট চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হয়ে গেল রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১০-এর জমকালো অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন অভিনয়শিল্পী অপি করিম। বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, আবাসিক সম্পাদক আবুল মোমেন, সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রেমন্ডের পক্ষে তামান্না গুলশান।এবার ১৩টি বিভাগে শতাধিক বুটিক ও ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নেয়। ফ্যাশন প্যারেডের মাধ্যমে প্রতিটি বিভাগে তিনটি করে ৩৯টি সেরা পোশাক নির্বাচন করা হয়। সেরাদের সেরা হয় সালসাবিল বুটিক হাউস, শৈল্পিক লিমিটেড ও পিনন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ, ডিজাইনার রওশন আরা চৌধুরী, শিমুল খালেদ ও নূরে জান্নাত। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল রেমন্ড লিমিটেড ও মিডিয়া সহযোগী দেশ টিভি।ঘড়ির কাঁটা যখন সাতটার ঘরে, তখনই ঢোলের বোলে মুখর হয়ে ওঠে মিলনায়তন। বাবুল জলদাস ও তাঁর দলের ঢোলবাদন শেষ হতেই নূপুরের নিক্কন। মঞ্চে আসে প্রাপণ একাডেমি। এরপর উপস্থাপক কামরুল হাসান মঞ্চে এসে গল্প শুরু করে দিলেন দর্শকদের সঙ্গে।উপস্থাপক বললেন, ‘এবার মঞ্চে ডাকছি সেই মানুষটিকে, যিনি তাঁর শ্রম ও মেধা দিয়ে এক যুগ ধরে আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা আয়োজনে বড় ভূমিকা রাখছেন, তিনি প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।’বিশ্বজিৎ চৌধুরীও কথা ও গল্পে এই প্রতিযোগিতা আয়োজনের পটভূমি তুলে ধরলেন। তিনি বলেন, ‘আলোকিত ঈদ ফ্যাশন আয়োজনের মূল উদ্দেশ্য চট্টগ্রামের ডিজাইনারদের কাজকে সবার সামনে তুলে ধরা। আমাদের ডিজাইনারেরা কোনো অংশে পিছিয়ে নেই তা প্রমাণ করা। আমরা কতটুকু সফল হয়েছি তা বিচার করবেন দর্শক।’গল্পের রেশ না কাটতেই সুরের তালে তালে লাল ও নীল পরিদের আবির্ভাব মঞ্চে। শুরু হয়ে গেল ফ্যাশন ক্যাটওয়াক।প্রথমেই শাড়ি—বাঙালি নারীর চিরন্তন পোশাক। ‘পাগলা হাওয়ার বাদলদিনে’ গানের সঙ্গে মডেলদের ক্যাটওয়াক মুগ্ধ করে দর্শকদের। এভাবে শাড়ির আরও দুটি পর্ব চলল। সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, টি-শার্ট, ফিউশন ও যুগল পোশাকের কিউগুলো দর্শকদের নিয়ে যায় অন্য রকম এক আনন্দভুবনে।একসময় মঞ্চে এলেন শিল্পী সন্দীপন ও নিশীতা। সন্দীপন ‘সোনাবন্ধু’, ‘মধু হই হই বিষ হাবাইলা...’ গানগুলো গেয়ে যেন চট্টগ্রামের আঞ্চলিক গানের জয়গান করে গেলেন। নিশীতা ‘রংধনু ভালো লাগে’, ‘যাও পাখি’ গানগুলো গেয়ে মুগ্ধতার আবেশ ছড়ান। শেষে দ্বৈত কণ্ঠে ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’ গেয়ে আসর মাত করেন সন্দীপন ও নিশীতা।ফ্যাশন প্যারেডের সর্বশেষ কিউ ছিল শিশুদের পোশাক। একদল শিশু হেলেদুলে, ফিক ফিক হেসে ক্যাটওয়াক করে ফিরে গেল। কিন্তু উপস্থাপক পথ আগলে ধরলেন একজনের। দর্শকদের উদ্দেশে বললেন, ‘মঞ্চে একজন তারকা শিশু আছে। তার কাছ থেকে কিছু শুনি।’ শিশুদের সঙ্গে ক্যাটওয়াকে অংশ নেওয়া সেই তারকা আর কেউ নন, অপি করিম।অপির সঙ্গে পর্বটা জমে গেল উপস্থাপকের। অপির পরিচয় দিতে গিয়ে কামরুল হাসান একপর্যায়ে বলে বসলেন, ‘অপিকে আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি।’ অপি তাঁকে মনে করিয়ে দিলেন, ‘এখানে কিন্তু আপনার স্ত্রী আছে। সুতরাং কথা একটু বুঝিয়া-শুনিয়া হিসাব করিয়া বলিবেন।’দর্শকদের মধ্যে তখন হাসির রোল।এই পর্যায়ে মঞ্চে এলেন অতিথিরা।আব্দুল কাইয়ুম সবাইকে মনে করিয়ে দিলেন সেই কথাটি—‘বাঙালি হাত দিয়ে ভাত খায় বলে পোশাকশিল্পে আজ আমাদের অবস্থান এত উঁচুতে।’ আবুল মোমেন বলেন, ‘একাত্তর আমাদের জীবনে রং দিয়েছে। এর আগে বাঙালি বড্ড সাদামাটা পোশাক পরত। এই অর্জন ধরে রাখতে হবে আমাদের।’অবশেষে শেষ হলো ডিজাইনারদের অপেক্ষার পালা; যে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য, পুরস্কৃত হওয়ার জন্য তাঁরা অপেক্ষা করেন সারা বছর। পুরস্কার পেয়ে কারও হাসি যেন চাঁদের হাসিকেও ম্লান করেছে। যাঁরা পাননি, তাঁরা সাময়িক হতাশ হলেও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন পরের বছরের জন্য। তবে দর্শক বাড়ি ফিরেছেন জমকালো একটি অনুষ্ঠান উপভোগের তৃপ্তি নিয়ে।