পোশাকে উৎসবের রং

পোশাকের রঙে নানা উৎসবের ছোঁয়া—বিয়ে, ঈদ, বড়দিন, বুদ্ধপূর্ণিমা, দুর্গাপূজা। ছিল ভাষা আন্দোলন আর স্বাধীনতার রংও। আর সগৌরবে জানান দিয়েছে প্রেরণার রবীন্দ্র-নজরুল ও লালন। নানা নকশার পোশাক পরে ক্যাটওয়াকে দ্যুতি ছড়ান মডেলরা।
৬ মে সন্ধ্যায় নগরের পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লুর মেজবান মিলনায়তনে আয়োজন করা হয় ফ্যাশন শো। ‘একি সুরে বেঁধেছি গান’ শিরোনামে ‘ব্র্যান্ডিং চিটাগাং উৎসবে দেশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ডিজাইনার্স ফোরাম। চট্টগ্রামের ডিজাইনারদের এই সংগঠনের নবম বর্ষপূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদর্শন করা হয় দেশের জাতীয় দিবস ও উৎসবকে উপজীব্য করে ১৩ জন ডিজাইনারের পোশাক।

ক্যাটওয়াক শুরু হয় ডিজাইনার সাহিদা কামালের নকশা করা পোশাক দিয়ে। ‘আজ যে শিশু, পৃথিবীর আলোয় এসেছে’ গানে ক্যাটওয়াক করেন মডেলরা। এরপর প্রদর্শিত হয় ফারজানা মালিকের নকশা করা বিয়ের পোশাক। ‘তোমায় হৃদমাঝারে রাখিব ছেড়ে দেব না’ গানের সঙ্গে বর-বধূবেশে বাহারি পোশাকে দ্যুতি ছড়িয়ে জমিয়ে তোলেন ফ্যাশন কিউ। এবার কিছুটা ব্যতিক্রম। স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে একদল মডেল বাংলা বর্ণমালা আঁকা পোশাকে হাজির হন। একুশে ফেব্রুয়ারিকে উপজীব্য করে এসব পোশাকের নকশা করেন রওশন আরা চৌধুরী। এরপর শৃঙ্খল ভাঙার গান। পোশাকে স্বাধীনতার রং। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের সঙ্গে প্রদর্শিত হয় লুৎফা সানজিদার পোশাক।
ক্যাটওয়াকের পর নাচ নিয়ে মঞ্চে আসে সঞ্চারী নৃত্যকলা একাডেমি। তাঁরা রবীন্দ্রনাথের ‘শাঙন গগনে ঘোর ঘনঘটা নিশীথযামিনী রে’ গানের নাচে মুগ্ধতা ছড়ান। এরপর একে একে প্রদর্শিত হয় নুজহাত কৃষ্টি, নাসরিন সারওয়ার, আমিনা রহমান, সুলতানা নুরজাহান, সুব্রত বড়ুয়া, সালেহ রবি, মণিদীপা দাশ, এইচ এম ইলিয়াছ, আইভি হাসান, নাজমা আক্তার, কাজী শাহতাজ ও আহমেদ নেওয়াজের নকশা করা পোশাক।
ক্যাটওয়াকের ফাঁকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা পর্ব। সংগঠনের সভাপতি শিল্পী আহমেদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী। অতিথি ছিলেন রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। শুভেচ্ছা বক্তব্য দেন ডিজাইনার রওশন আরা চৌধুরী।
সম্মাননা জানানো হয় ভাষাসৈনিক অধ্যাপক শরীফা খাতুনকে। এ ছাড়া পোশাক, কারুশিল্প গবেষণায় অবদান রাখার জন্য ডিজাইনার চন্দ্রশেখর সাহাকে আজীবন সম্মাননা জানানো হয়।