পোশাকে কর্ণফুলীর ঢেউ
সাম্পানে পাল উড়িয়ে, পালে রং লাগিয়ে বাণিজ্যে চলেছেন আরাকান সওদাগর। বার্মা মুলুকে বাণিজ্য করে সোনার ধনে ভরে তুলছেন সাম্পান, কিন্তু ধনে কি আর মন ভরে! তাইতো মন খুঁজে নেয় মনের মানুষ। বার্মার মেয়েকে সঙ্গী করে ঘরে ফেরেন। তখনই আরকান সওদাগরের কণ্ঠে বেজে উঠে কর্ণফুলীর সুর—‘ছোড ছোড ঢেউ তুলি পানিত/লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে/যার গই কর্ণফুলী...।’ এরপর সময়ের হাত ধরে এগিয়ে যায় জীবন। বর্ণিল সব পোশাকে উঠে এল আরাকান সওদাগরের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত।উপস্থাপকের অনুরোধে মঞ্চে এলেন পোশাকের কারিগর, আহমেদ নেওয়াজ। করতালির ঢেউয়ে দর্শকেরা অভিবাদন জানালেন এই শিল্পীকে।ডিজাইনারস ফোরাম চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রামে ‘ব্র্যান্ডিং চিটাগাং ২০১১’ শীর্ষক অনুষ্ঠানটি হয়ে গেল ১২ ফেব্রুয়ারি। আলো ঝলমলে এই সন্ধ্যায় ১২ জন ডিজাইনার পোশাকের মাধ্যমে তুলে ধরলেন চট্টগ্রামের সমতল ও পাহাড়ি জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য। বৈচিত্র্যময় ক্যাটওয়াকে দর্শকদের মন রাঙালেন র্যাম্প মডেলরা। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেন এমদাদ হক, আয়োজনের দায়িত্বে আহমেদ নেওয়াজ, সুব্রত বড়ুয়া ও রূপসজ্জায় ছিলেন কানিজ আলমাস খান। ঐতিহ্যবাহী মেজবানে ছিল চট্টগ্রামের শেকড়ের ছোঁয়া, আর তা করেছেন মণিদীপা দাশ ও শুভ্রা নেওয়াজ। দ্বিতীয় কিউতে মঞ্চ মাতালেন মারমা রাজা-রাণী। রাজার মাথায় মুকুট, রানীর খোঁপায় ফুলের জটা। পেছনে লাল পরী, নীল পরী। রওশন আরা চৌধুরীর নকশায় মারমা জনগোষ্ঠীর জীবনটা আঁকা হয়েছে পরম মমতায়। এর পর বম ও ম্রোদের পোশাক নিয়ে এলেন আইভি হাসান। চাকমাদের পোশাক উপস্থাপনের সঙ্গে ছিল ঐতিহ্যবাহী বাঁশনৃত্য। ডিজাইনার ছিলেন মোহসেনা কোরেশি। এরপর কুমার শৈবাল সাহার খাদি, সুলতানা নুরজাহানের গারো থামাইরা সম্প্রদায়ের পিননের প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। প্রথম ছয়টি কিউর পর মঞ্চে আসেন ডিজাইনারস ফোরামের সভাপতি রওশন আরা চৌধুরী। তিনি সংগঠন নিয়ে তাঁর স্বপ্নের কথা বললেন। উপস্থাপক নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন ও হাসিনা আহমেদের আহ্বানে মঞ্চে এলেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।বললেন, ‘চট্টগ্রামের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, বৈচিত্র্য দেখে আমি মুগ্ধ।’বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে সম্পর্কটা অতীতে খুব বেশি অনুভব করতে পারিনি, কারণ আমার জন্ম ঢাকায়। কিন্তু আজ এই অনুষ্ঠানে এসে ফিরে গেছি শৈশবে, গভীরভাবে অনুভব করছি আমি চট্টগ্রামের মেয়ে, আমার বাবার বাড়ি চট্টগ্রামে, চুনতিতে।’ ফ্যাশন ডিজাইনার ও ইউনেস্কোর শুভেচ্ছা দূত বিবি রাসেল বলেন, আমার বাবার বাড়ি রংপুর, মায়ের ঢাকা। কিন্তু আমার জন্ম চট্টগ্রামে, তাই চট্টগ্রাম নিয়ে আমার গর্ব আছে। আজ আরও গর্ব হচ্ছে এ জন্য—চট্টগ্রামের ডিজাইনাররা সবাই এক হয়ে কাজ করছেন। তাঁদের একটি ফোরাম আছে। এর পর মঞ্চে এলেন আফজাল হোসেন। আলো-আঁধারির মায়ায় আফজালের প্রস্থানের পর বাজল এম এন আখতার ও সাবিনা ইয়াসমিনের গাওয়া চিরসবুজ সেই গান—‘হইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোঁয়ারে...।’ এ এইচ এম ইলিয়াছের পোশাকে গানে-নাচে উদ্ভাসিত হলো তঞ্চ্যঙ্গাদের জীবন। তারপর লুৎফা সানজিদার পিনন। গনাই (রিনাই) আর রিসাতে অপূর্ব ত্রিপুরা রমণী, ধুতি-গামছায় পুরুষ। এর পর আমিনা রহমান চাক ও খুমি, সেহতাজ পারভিন পাংখোয়া, নাজমা আকতার লুসাই সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি তুলে এনেছেন পোশাকে। শেষ কিউটা ছিল সমতলের আদিবাসী রাখাইনদের পোশাক নিয়ে। ডিজাইনার সালেহ রবি।পোশাকে চট্টগ্রামের জয়গান শেষে দেশমাতৃকার জয়গান, একুশের শহীদদের স্মরণ। এর পর ডিজাইনার, মডেল ও অতিথিরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইলেন—‘ধনধান্য পুস্পভরা, আমাদেরই বসুন্ধরা...।’