পোশাকে চিঠি

চ্যাটিং, টেক্সটিং আর টুইটিংয়ের মাঝেও বেঁচে থাক চিঠি। ভালোবাসা প্রকাশের এই অপূর্ব মাধ্যমটির প্রচলন হয়তো কমে গেছে, কিন্তু আবেদন রয়ে গেছে আগের মতোই। তাই ফ্যাশন হাউস শামুক ভালোবাসা দিবসের আয়োজন সাজাল চিঠিকে ভালোবেসে। ৭ ফেব্রুয়ারি ঢাকার লালমাটিয়ায় শামুকের শাখায় প্রদর্শনীর উদ্বোধন করেন ডিজাইনার চন্দ্রশেখর সাহা। এ সময়উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, লিপি খন্দকার, রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন ও মাসিক ক্যানভাস-এর নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান।
প্রদর্শনীতে চিঠি ও চিঠির সঙ্গে সব অনুষঙ্গ যেমন ডাকটিকিট, পোস্ট বক্স ইত্যাদির মোটিফ নিয়ে তৈরি করা হয়েছে শাড়ি, টি-শার্ট, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ব্যাগ, কুর্তা, ছেলেদের ওয়েস্টকোট, মেয়েদের লং কোট, চাদর, স্কার্ফ, পর্দা, কুশন, কভার ও বেডশিট। আরও ছিল মগ, ফটোফ্রেম, নোটবুক, ফাইল, পোস্ট কার্ড, রাইটিং প্যাড ইত্যাদি।
শামুকের ব্যবস্থাপনা অংশীদার মঞ্জুরুল আলম বলেন, ‘চিঠির একেকটি শব্দে ভালোবাসার মানুষের জন্য যে যত্ন ফুটে উঠত, তা ভোলা অসম্ভব। স্মার্ট জামানায় চিঠি হয়তো পুনর্জন্ম পেয়েছে, কিন্তু এখনো রয়ে গেছে এর সঙ্গে মানব মনের আত্মিক সম্পর্কটা। চিঠির মিষ্টি স্মৃতিমালাকে আবার মনে করিয়ে দিতেই আমরা এবারে ভালোবাসা দিবসে আমরা অর্ঘ্য দিয়েছি চিঠির মাধ্যমে।’ শামুকের প্রদর্শনীটি চলবে ফেব্রুয়ারি মাসজুড়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত এই আয়োজন চলবে। প্রদর্শনীর পরেও পোশাকগুলো পাবেন ১/১২, ব্লক-সি, লালামাটিয়া, ঢাকা—এই ঠিকানায়।