পোশাকে নকশায় সৃজনশীল পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক তৈরি এখন শুধু নেহাত দর্জিগিরিই না, এর বাইরেও অনেক কিছু। এ বিষয়ে পড়াশোনার আগ্রহ জাগতেই পারে আপনার মনে। সৃজনশীল একটি মন থাকলে আপনি এ ব্যাপারে আগ্রহী হতে পারেন। কাজটা নতুন নয়, নতুনত্ব পেশাদারি স্বাতন্ত্র্যে। পোশাকের নকশা সেই আদ্দিকাল থেকেই হয়ে আসছে। কখনো খেয়ালে, কখনো বা বেখেয়ালে। তবে কাজটা সেই, পোশাকে নকশা। হালের ফ্যাশন ডিজাইনিং। পোশাকের লক্ষ কোটি ডলারের আন্তর্জাতিক বাজারে বুননে ঐতিহ্য আর সুতার গুণমান ছাপিয়ে এখন নকশার দাপট। আগে নকশা, এরপর কাপড়ের বাছবিচার। এখন প্রায় প্রত্যেকেই চায় নিজের পোশাকে একটু স্বাতন্ত্র্য আনতে, তুলে ধরতে নিজের ব্যক্তিত্বকে। চাহিদা, ব্যক্তিত্ব আর রুচির সঙ্গে মিল রেখে মনের মতো করে নিজেকে সাজানোই ফ্যাশন। আর পোশাকে-আশাকে একজনকে সাজাতে যাঁরা কাজ করছেন, তাঁরাই ফ্যাশন ডিজাইনার। পেশায় ফ্যাশন ডিজাইনিংসবকিছুকেই সুন্দর করে উপস্থাপন করার প্রয়াস সবার মধ্যেই আছে। নান্দনিক রুচিবোধ আর সৌন্দর্যের চাহিদা পূরণ করে মনের মতো করে নিজেকে সাজানোর জন্যই ফ্যাশন ডিজাইনিং। ফ্যাশন নির্বাচনের ক্ষেত্রে রুচির সঙ্গে সবচেয়ে জরুরি যে বিষয়টি থাকে তা হচ্ছে সাধ আর সাধ্যের সমন্বয়। এসব কিছু নিয়েই আমাদের দেশে ফ্যাশন ডিজাইনিংয়ের কাজটা হয়ে আসছে বেশ পেশাদারি সফলতার ছকেই। আন্তর্জাতিক বাজার তো আছেই, প্রায় দেড় দশকের বেশি সময় ধরে দেশি বুটিকের মাধ্যমে ফ্যাশন ডিজাইনিং আলাদা একটা মাত্রা পেয়েছে। এখন দেশে যাঁরা সফল ফ্যাশন ডিজাইনার, তাঁদের বেশির ভাগেরই হয়তো ফ্যাশন ডিজাইনে সেই অর্থে পেশাদারি বিশেষায়িত পড়াশোনা নেই। তাঁদের অনেকেই শিল্পী, আবার কেউ এসেছেন একান্তই ইচ্ছাশক্তির জোরে। আর তাঁদের সফলতার মূলে ছিল সৃজনশীলতা। তবে এখন যেহেতু বাজার বড় হচ্ছে, কাজের আওতা বাড়ছে, তাই এই পেশায় পেশাদারি প্রশিক্ষণ ও পড়াশোনার দরকার আছে।সবার আগে সৃজনশীলতাবিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিআইএফটি) ফ্যাশন ডিজাইনিংয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নুরুজ্জামান ছোটবেলা থেকেই ভালো ছবি আঁকতেন। তিনি মনে করেছেন তাঁর ছবি আঁকার হাতটা এ পেশায় তাঁকে এগিয়ে নিয়ে যাবে, তাই ফ্যাশন ডিজাইনিং পড়তে আসা। আবার তাঁরই আরেক সহপাঠিনী জান্নাতুল ফেরদৌস মনে করেন আগে থেকে আঁকাআঁকি জানতেই হবে, এমন কোনো কথা নেই। এ পেশায় আসলে আঁকার হাতটা এমনিতেই হয়ে যায়। তবে এ ক্ষেত্রে সৃজনশীলতার বিকল্প নেই। একই সুরে কথা বললেন বিআইএফটির ফ্যাশন ডিজাইনিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আশফাক। তিনি বলেন, এই পেশায় আসতে হলে আঁকার হাত কিংবা নকশায় হাতেখড়ি থাকলে ভালো, তবে এই গুণগুলো আগেই থাকতে হবে এমন কথা নেই। ছবি আঁকা কিংবা শিল্পবোধ সম্পর্কে তেমন পূর্বধারণা না থাকলেও ফ্যাশন জিজাইনিং পড়তে এসে খুবই ভালো করতে পারেন একজন শিক্ষার্থী। তবে এ ক্ষেত্রে সৃজনশীলতাই এগিয়ে নিয়ে যাবে এ পেশায় সফলতার পথে। তিনি আরও বলেন, কেউ যদি মনে করে তার মধ্যে পোশাকের নকশা করার মতো সৃজনশীলতা আছে তবেই তার এ পেশায় আসা উচিত। সাধারণত মানুষের মধ্যে সৃজনশীলতা থাকেই। এই সৃজনশীলতার বিকাশ ঘটাতে হয়। জন্মগত ক্ষমতা ও পরিবেশগত বিভিন্ন প্রভাবে সৃজনশীলতার প্রকাশ এবং বিকাশ ঘটে। এ জন্য দরকার ইচ্ছাশক্তি আর কাজের প্রতি একাগ্রতা।পড়াশোনা লাগবেই?বাংলাদেশে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনার বিষয়টা খুব পুরোনো নয়। বর্তমানে দেশে যাঁরা এ পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন তাঁদের বেশির ভাগেরই ফ্যাশন ডিজাইনিংয়ে পেশাদার বিশেষায়িত কোনো পড়াশোনা নেই। এ ব্যাপারে ফ্যাশন হাউস বাংলার মেলার ডিজাইনার এমদাদ হক বলেন, আগে এ ব্যাপারে পড়াশোনার কোনো সুযোগ ছিল না। তখন ইচ্ছাশক্তি, চিন্তার ব্যাপ্তি আর সৃজনশীলতা দিয়ে ডিজাইনিংয়ের বিভিন্ন বিষয় আয়ত্তে আনতে হয়েছে। তবে এখন যেহেতু সুযোগ আছে, এ পেশায় এলে অন্তত ডিজাইনিংয়ের মৌলিক বিষয়গুলো হাতে-কলমে জেনে আসাই ভালো। তবে এমদাদ হক মনে করেন, ফ্যাশন ডিজাইনিং শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও এর বেশির ভাগেরই ভালো শিক্ষক নেই। ভর্তির আগে এসব বিষয়ে খোঁজ নিতে হবে ভালো করে। এ ছাড়া ডিজাইনিংয়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে-কলমে শিক্ষার বিষয়টিকে আরও বেশি জোর দিতে হবে। ফ্যাশন ডিজাইনিংয়ের বাজার যেহেতু বড় হচ্ছে, এখানে পেশাদারি মনোভাব বাড়ানোর বিকল্প নেই, দরকার বিশেষায়িত পড়াশোনা।চোখ-কান খোলা থাকা চাইআন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পশ্চিমা আচার-আচরণ ফ্যাশন-চেতনা তথা পুরো সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষার্থীদের পাশ্চাত্যের চলমান ফ্যাশনের সঙ্গে পরিচয় থাকতে হবে সর্বদা। তাদের ফ্যাশন-সম্পর্কিত মৌলিক বিষয়গুলো ছাড়াও শিল্প, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, ভাষা, ব্যবসানীতি, ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞানসহ অনেক বিষয় সম্পর্কে পুরো ধারণা রাখতে হয়। ফ্যাশন ডিজাইনিং হতে পারে বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরার আরেকটি মোক্ষম সুযোগ। এর মাধ্যমে আমাদের নিজস্ব ঐতিহ্যকেও বিশ্ব বাজারে পরিচিত করা সম্ভব। আমাদের জামদানি, খদ্দর, তাত, নকশিকাঁথার ডিজাইনকে বাইরের চাহিদায় সামান্য বদলে দিয়ে নজর কাড়া সম্ভব সারা বিশ্বের। এখন যারা ফ্যাশন ডিজাইনিং পেশায় আসছেন, তাঁদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে।পড়াশোনার কড়চা ফ্যাশন ডিজাইনিংয়ে বিভিন্ন মেয়াদি কোর্স থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত পড়ার সুযোগ আছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। এর সবগুলোই পরিচালিত হয় বেসরকারি ব্যবস্থাপনায়। এর মধ্যে শান্ত মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ রয়েছে। এইচএসসি বা সমমান শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যেকোনো শিক্ষার্থী এখান থেকে স্নাতক করতে পারেন চার বছর মেয়াদি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি এবং নিটওয়ার ম্যানুফেকচার ও টেকনোলজি বিষয়ে। এমনকি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা এমবিএ করতে পারেন অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে। এ ছাড়া এ দুটিসহ আরও কিছু প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, মধ্যমেয়াদি সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা করার সুযোগ রয়েছে ফ্যাশন ডিজাইনিং ও পোশাকশিল্পের নানা বিষয়ে। এসব কোর্সের মেয়াদ দুই মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদি হতে পারে। ফ্যাশন ডিজাইনিং কোর্স করায় এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির নাম ও যোগাযোগের ফোন নম্বর দেওয়া হলো:বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (৮৯১৯৯৮৬-৮৭), শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (৮৯১৮৯৩২), ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (৮৮৩১৩০৪), ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (০১৭১৫৭৬৩৯০৮), পার্ল ফ্যাশন ইনস্টিটিউট (৮৮৫৭৭৬৩), লংকান ক্লদিং ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (৮৯৬০৪০৯) এবং সিকদার কলেজ অব টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন টেকনোলজি (৯৩৪০৩৮৫)। বাড়ছে কাজের পরিধিফ্যাশন সর্বদা পরিবর্তনশীল। মানুষের রুচির সঙ্গে প্রতিদিন তৈরি হচ্ছে ফ্যাশনে নতুন চাহিদা। বাংলাদেশে পোশাকের বিরাট নিজস্ব বাজার রয়েছে। শুধু বিদেশের বাজারেই নয়, দেশীয় বাজারের জন্যও ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করার সুযোগ আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করা ছাড়াও নিজস্ব বুটিক হাউস, ডিজাইন স্টুডিও এবং পোশাকের ব্যবসায়ও কাজের সুযোগ রয়েছে। তবে ফ্যাশন ডিজাইনিংয়ে কাজের সবচেয়ে বেশি সুযোগ আছে পোশাকের আন্তর্জাতিক বাজারে। এ সম্পর্কে বিআইএফটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সালেক বলেন, ‘শুধু বুননেই নয়, আমাদের তৈরি পোশাকশিল্পের কারখানাগুলোয় এখন পোশাকের নকশা করাও শুরু করেছে। কাজের মান ধরে রাখতে পারলে ফ্যাশন ডিজাইনিং পেশায় বিপুল দক্ষ জনশক্তির চাহিদা তৈরি হবে শিগগিরই।’