
২৫ জন নবীন ডিজাইনারের পোশাক নিয়ে তিন দিনের প্রদর্শনী হয়ে গেল শিল্পকলা একাডেমীর গ্যালারিতে। ৩, ৪ ও ৫ অক্টোবর ‘স্প্ল্যাশ পূজা ব্র্যান্ডিং চট্টগ্রাম’ শিরোনামের এ প্রদর্শনীর আয়োজন করে স্প্ল্যাশ ক্রিয়েটিভ ইনস্টিটিউট। প্রদর্শনী চলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
প্রতিটি পোশাকে ফুটে উঠেছিল উৎসবের রং। এতে স্থান পেয়েছিল শাড়ি, ফতুয়া, থ্রি-পিস, পাঞ্জাবি ও টি-শার্ট। পোশাকে ছিল সুতি, মসলিন ও সিল্ক কাপড়ের ওপর অ্যাপ্লিক, অ্যাম্ব্রয়ডারি ও হাতের কাজ। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। গতকাল প্রদর্শনীর শেষ দিনে শিল্পকলার মঞ্চে ছিল ফ্যাশন শো।
প্রদর্শনীতে অংশ নেওয়া নবীন ডিজাইনার নুরুল আনসার বলেন, ‘আমার ব্লগ, প্যাটার্ন ও লেসের বিভিন্ন কাজ করা শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়া স্থান পেয়েছে। নিজের কাপড়ের এমন প্রদর্শনী হওয়ায় ভালো লাগছে।’ আরেক ডিজাইনার নুজহাত কৃষ্টি বলেন, ‘যখন যা মাথায় আসে, তখনই তা সুই আর সুতো দিয়ে ফুটিয়ে তুলি কাপড়ে। এভাবেই তৈরি করি একের পর এক ডিজাইন।’
প্রদর্শনীর আয়োজন সম্পর্কে স্প্ল্যাশ ক্রিয়েটিভ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাজ্জাদ বিন খালেদ বলেন, ‘দেশীয় কাপড়ের গুণগত মান ও নবীন ডিজাইনারদের সবার সামনে তুলে ধরার লক্ষ্যে আমাদের এ আয়োজন। উৎসাহ পেলে এই নবীনেরা আরও এগিয়ে যাবে।’