পোশাকে প্যাচওয়ার্ক
প্যাচওয়ার্ক একসময় পোশাকে বেশ দেখা গেলেও মাঝে কিছুদিন এর ফ্যাশন তেমন চলেনি। এবার যেন ফিরে আসছে প্যাচওয়ার্কের ট্রেন্ড। পাড় বা কাপড় কেটে পোশাকে বসিয়ে প্যাচওয়ার্কের কাজ করা হয়। এই পাড় বা কাপড়ে আনতে পারেন ইচ্ছামতো বৈচিত্র্য।চট্টগ্রামের ফ্যাশন হাউস ডলস হাউসের স্বত্বাধিকারী ও ডিজাইনার আইভি হাসান বলেন, ‘এবারের ঈদ ও বর্ষা এ দুটো বিষয় বিবেচনা করেই পোশাক তৈরি করা হয়েছে। এবারে আমাদের সংগ্রহে মূলত পাড় ও প্যাচওয়ার্কের কাজ প্রাধান্য পেয়েছে। সাধারণত আদিবাসী তাঁতের কাপড়ের পাড়ের ওপরই প্যাচওয়ার্কের কাজগুলো করা হয়। এ ছাড়া ভেলভেটের পাড়ও ব্যবহার করতে পারেন। নীল, ধূসর, সাদা, চাঁপা সাদা রংগুলো বেছে নেওয়া হয়েছে পোশাকের জন্য।’তিনি আরও জানান, মসলিন, সিল্ক, সুতির অ্যান্ডি বা অ্যান্ডি সিল্ক শাড়িতে আদিবাসী তাঁতের পাড় ব্যবহার করা যায়। কয়েক ধাপে পাড় ব্যবহারের পর পুঁতি ও সুতার কাজের প্যাচওয়ার্ক করা যেতে পারে। একরঙা শাড়িতে নানা রঙের পাড় ব্যবহার করে পুরো শাড়িতে প্যাচওয়ার্ক করা যেতে পারে। আবার চাইলে শুধু পাড়ের পাশ দিয়ে বা আঁচলে প্যাচওয়ার্ক ও এমব্রয়ডারির কাজ করতে পারেন। তাতেও জমকালো ভাব আসবে পোশাকে। এ ছাড়া ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট দিয়েও প্যাচওয়ার্ক করা হয়ে থাকে। যদি শাড়ির রং হয় চাঁপা সাদা, তাহলে খয়েরি, কালো ও ছাই রঙের তিন রঙা পাড় দিলে ফুটে উঠবে। আইভি হাসানের শাড়িতে রবীন্দ্রনাথের নিজের আঁকা চিত্রকর্মের স্ক্রিন প্রিন্টের ওপরে প্যাচওয়ার্ক করা হয়েছে।হাল ফ্যাশনের লম্বা কামিজের হাতা, গলায় ও নিচের হেমে প্যাচওয়ার্কের কাজ করতে পারেন। কামিজের কাটিংয়ে এ লাইন কাট, ছয় কাট বা রুমাল কাট বেশি ট্রেন্ডি। এসবের সঙ্গে সোজা কাটের চাপা প্যান্ট, চাপা সালোয়ার ও চুড়িদার পরতে পারেন। জামদানি ও সিল্কের ওড়না পরা যেতে পারে। কম বয়সের মেয়েরা ঈদে কাফতানও পরতে পারে। এখানেও আদিবাসী তাঁতের পাড় ও প্যাচওয়ার্কের ব্যবহার রয়েছে। এসব পোশাকের সঙ্গে মিলিয়ে আদিবাসী ধাঁচের গয়না পরতে পারেন।