পোশাকে প্রাকৃতিক রঙের স্নিগ্ধতা
এই সময়ে প্রাকৃতিক রঙে রাঙানো পোশাকের চলটা বেশ দেখা যাচ্ছে।প্রাকৃতিক রঙের ব্যবহার বাংলাদেশে বহুকাল আগে থেকেই দেখা যায়। তবে কিছুদিন ধরে ডিজাইনারদের অনেকেই কমবেশি প্রাকৃতিক রঙের শাড়ি, কামিজ, ফতুয়া এমনকি গজ কাপড় নিয়েও কাজ করছেন। ফ্যাশন বাজারেও এর চাহিদা এখন বেশ। ফ্যাশন হাউসগুলোর অরণ্য ক্রাফটসের প্রাকৃতিক রঙের কার্যক্রম নিয়ে বহুদিন ধরে কাজ করছেন রুবী গজনভী। ১৯৭৯ সালে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রাফট কাউন্সিলের এক সম্মেলনে কারুশিল্পের খ্যাতনামা ব্যক্তিত্ব কমলা দেবী চট্টোপাধ্যায় প্রাকৃতিক রঙের বিশাল সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন। তাঁর সেই আলোচনা রুবী মুগ্ধ হয়ে শুনেছিলেন তখন। এরপর দেশে ফিরেই খোঁজখবর নিতে শুরু করেছিলেন। তখনই তিনি আবিষ্কার করেছিলেন বাংলাদেশে প্রাকৃতিক রঙের বিশাল সম্ভার রয়েছে, যা আমরা একদমই ব্যবহার করি না। সেই থেকে শুরু। প্রাকৃতিক রঙের পোশাকের দামটা সাধারণ পোশাকের চেয়ে একটু বেশিহয়। এ কারণেই কিছুদিন আগ পর্যন্তও এই পোশাক খুব সীমিত গণ্ডিতে ব্যবহূত হতো। কিন্তু বর্তমানে ফ্যাশন-সচেতন তরুণীরা প্রাকৃতিক রঙের পোশাক তুলে নিয়েছে ফ্যাশনে। তাই এই সময়ে এসে সালোয়ার-কামিজ থেকে শুরু করে স্কার্ট, শাড়ি এমনকি স্কার্ফেও ব্যবহূত হচ্ছে প্রাকৃতিক রং।রুবী গজনভী জানালেন, প্রাকৃতিক রঙের পোশাক যেমন পরিবেশবান্ধব, তেমনি এই পোশাকগুলো আমাদের ত্বকের জন্যও ভালো। অনেক সময় রাসায়নিক রংগুলো আমাদের ত্বকে বিরূপ প্রভাব ফেলে, যা প্রাকৃতিক রঙের পোশাকে হয় না। তাই এই সময়ে এসে প্রাকৃতিক রং আর রাসায়নিক রঙের বিতর্কে গেলে দেখা যাবে, বেশির ভাগ যুক্তিই যাচ্ছে প্রাকৃতিক রঙের পক্ষে। কারণ, আধুনিক বিশ্ব প্রতিনিয়ত পরিবেশবান্ধব উপকরণের দিকে যাচ্ছে। আবার অনেকে প্রাকৃতিক রঙের পোশাক থেকে রং চলে যায় বলে অভিযোগ করেন। কিন্তু ঠিকঠাকমতো রং করা হলে এ ধরনের সমস্যা হয় না। তাই দেখতে হবে রংটা ঠিকমতো কাপড়ে দেওয়া হলো কি না। প্রাকৃতিক রঙের ক্ষেত্রে উপকরণে থাকা চাই অবশ্যই সঠিক পরিমাণ। আর সেই সঙ্গে কতটুকু কাপড় বা সুতা রং করতে হবে, তাও একটা নির্দিষ্ট পরিমাণে হতে হবে। কারণ, একবারে রং না করতে পারলে পরে কাপড়ে রঙের শেড কমবেশি আসতে পারে। রং করার পর আলগা রং কাপড় থেকে ফেলে দিতে হবে প্রচুর পরিমাণে পানি ব্যবহার করে। অরণ্য ক্রাফট মূলত অ্যান্ডি, সিল্ক, সুতি কাপড়ের কোরা রঙে প্রাকৃতিক রং ডাই করে থাকে। আর জামদানি বুনতে সুতা রং করে দেওয়া হয় তাঁতিদের। সেই সঙ্গে নকশিকাঁথার সুতা, ব্লক প্রিন্টের রং ইত্যাদিতে অরণ্যের প্রাকৃতিক রং ব্যবহার করা হয়।১৯৮২ সালে ১৪টি রং নিয়ে অরণ্য ক্রাফটসের যাত্রা শুরু হয়েছিল। এর পর থেকে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে এখন রঙের সংখ্যা ৩০। প্রাকৃতিক রঙের প্রতিটিতে অন্তত দুটি শেড বের হয়ে আসে। একটি গাঢ় ও অন্যটি হালকা। যেমন খয়েরের কাঠের কষ থেকে মেরুন ও খয়েরি বা বাদামি—এ দুটি রংই পাওয়া যায়। আবার কাঁঠাল কাঠের ভুসি থেকে হলুদ রঙের কয়েকটি শেডও পাওয়া যায়। লটকনের বীজ থেকে কমলা এবং শিউলি ও গাঁদা ফুলের পাপড়ি থেকে কয়েক রকমের হলুদ রং পাওয়া যায়। আবার দেখা যায়, গাব থেকে আসে গোলাপি। মনজিৎ গাছের কাণ্ডমূল থেকে আসে ইট-লাল রং। এ রকম প্রায় ৩০টি ভিন্ন ভিন্ন গাছপালা এবং এগুলোর বিভিন্ন শাখা-প্রশাখা থেকে সংগ্রহ করা হয় প্রাকৃতিক রং। প্রাকৃতিক রং ব্যবহার করে পোশাকে রঙের বৈচিত্র্য আনতে যে ৩০ ধরনের গাছপালা বা ফলমূল থেকে সব রং খুঁজে বের করা হয়, এসবের মধ্যে আছে খয়ের, লটকন, কাঁঠাল, ডালিম, গাব, শিউলি, গাঁদা, বাবলা, হরীতকী, মনজিৎ, অর্জুন, গোরান, গেওয়া, সুন্দরী, নীল, সুপারি, শিলকড়ই, ইউক্যালিপটাস, এলাচি, ঝাউ, লেবু, ঘাস, পেঁয়াজ, মেহেদি, পাতাবাহার, কৃষ্ণচূড়া, গর্জন, ডালিয়া, তুলসী, চা, চাঁপা ইত্যাদি। এসবের কাঠের কষ বা ভুসি, বীজ, ফলের খোসা, ফল, ফুলের পাপড়ি, ছাল, কাণ্ড, মূল, পাতার ছাল, পাতা, খোসা কী না ব্যবহূত হচ্ছে! আর এসব ব্যবহার করে যে রংগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো হলো মেরুন, খয়েরি, হালকা হলুদ, কমলা, খাকি, গোলাপি, হলুদ, গাঢ় সোনালি, বাদামি, ছাই, লাল, ফলসাই গোলাপি, গাঢ় ও হালকা নীল ও সবুজ, গাঢ় গোলপি, হালকা সবুজ, কমলাই সোনালি, হালকা জলপাই ইত্যাদি। রঙের আবার শেষ আছে নাকি। সেই সঙ্গে তো চলছে প্রতিনিয়ত গবেষণা।প্রাকৃতিক রঙের ক্ষেত্রে শাড়িই অনেক বেশি জনপ্রিয়। আর এই শাড়িও হয়ে থাকে সুতি, সিল্ক, তসর, জামদানিতে। কখনো তাঁতিকে প্রাকৃতিক রঙে ডাই করা সুতো দিয়ে উৎপাদকেরা শাড়ি বুনিয়ে নেন। আবার কখনো থান শাড়িতে ডাই করে ব্লক বাটিকের মাধ্যমে নিত্যনতুন নকশায় বাজারজাত হয় প্রাকৃতিক রঙে রাঙানো শাড়ি। সুতোয় প্রাকৃতিক রং দিয়ে রাঙিয়ে তা সিল্কের শাড়িতে বুনে যে নকশিকাঁথার শাড়ি তৈরি হয়, এগুলো একেকটা যেন ক্যানভাস। অরণ্য ক্রাফটস, কুমুদিনী, আড়ং, প্রবর্তনা, টাঙ্গাইল শাড়ি কুটির, বনজ বর্ণালী, কে ক্রাফটে পাওয়া যায় প্রাকৃতিক রঙের শাড়ি। এই শাড়িগুলোর দাম জায়গাভেদে বিভিন্ন। তবে সুতি শাড়ি এক হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকায়, সিল্ক আড়াই থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দামে পাওয়া যাবে। জামদানির দাম আট থেকে ২০ হাজার টাকার মধ্যে। গজ কাপড় কিনে কেউ যদি কামিজ, ফতুয়া, টপস তৈরি করতে চান, সে ক্ষেত্রে অরণ্য, বনজ বর্ণালী, কুমুদিনী, প্রবর্তনা থেকে নিতে পারেন গজ কাপড়। দাম ২২০-৩০০ টাকা গজপ্রতি। স্কার্ফ, ফতুয়া, সালোয়ার-কামিজও পাওয়া যাবে এসব ফ্যাশন হাউসে।প্রাকৃতিক রঙের ক্ষেত্রে জনপ্রিয় হলো নীল বা ইন্ডিগো। আমাদের দেশে নতুন করে শুরু হয়েছে নীল চাষ। এর সীমাবদ্ধ সাফল্যের কথা সবাইকে জানাতে মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) এবং অরণ্য ক্রাফট এখন পর্যন্ত করেছে তিনটি বিশেষ প্রদর্শনী ও কর্মশালা। দেখানো হয়েছে হাতে-কলমে নীলনিষ্কাশন এবং কাপড়ে রং করার পদ্ধতি। অরণ্য ক্রাফটসের প্রাকৃতিক রঙের প্রদর্শনীবাংলাদেশে প্রাকৃতিক রঙের ৩০ বছর এবং অরণ্যর ২৫ বছর উদ্যাপন উপলক্ষে ২০১১ সালের ১৪-২২ জানুয়ারি ঢাকার বেঙ্গল শিল্পালয়ে অরণ্য ক্রাফটস আয়োজন করছে একটি প্রদর্শনীর। এই প্রদর্শনীতে পোশাক ছাড়া থাকবে রঙের উপাদান, রং এবং কীভাবে প্রাকৃতিক রং করতে হয়, সে বিষয়ে বিশেষ প্রদর্শনী। বিভিন্ন স্কুলের ড্রইং বিভাগের ছাত্রছাত্রীরা এই প্রর্শনীতে আসতে পারবে আগে থেকে নিবন্ধন করিয়ে। অঞ্চলভিত্তিক পোশাকের বুনন দেখা যাবে। নরসিংদী, টাঙ্গাইলের তাঁতিরা বুনবেন এসব পোশাক। প্রাকৃতিক রঙের কর্মশালার ভিডিও দেখতে পাওয়া যাবে এই আয়োজনে। দেশবরেণ্য শিল্পীরা ছবি আঁকবেন প্রাকৃতিক রঙে। সেই ছবিগুলো নিলাম ডাকা হতে পারে প্রদর্শনীর কোনো এক দিনে।