পোশাকে বর্ণমালার প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস অঞ্জন’স আয়োজন করেছে পোশাকের প্রদর্শনী। ‘পোশাকে বর্ণমালা’ শিরোনামে এই আয়োজনের উদ্বোধন হয় ৩ ফেব্রুয়ারি ঢাকার বনানীতে অঞ্জন’সের শাখায়। এদিন এসেছিলেন কবি ফজল শাহাবুদ্দীন এবং সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মঈনুল আহসান সাবের। ফজল শাহাবুদ্দীন বলেন, ‘একবার আমি আর কবি শামসুর রাহমান বইমেলায় আড্ডা দিচ্ছি। তো হঠাৎ শামসুর রাহমান বললেন, “দেখুন, একটি শাড়ি হেঁটে যাচ্ছে।” আমি তাকিয়ে দেখি, সাদা সেই শাড়ি বাংলা বর্ণমালায় ভরা। তা পরে হেঁটে চলেছেন শহীদ জননী জাহানারা ইমাম। আমরা মুগ্ধ হয়ে গেলাম, পোশাকেও এমন দেশপ্রেম হতে পারে!’ মঈনুল আহসান সাবের বলেন, ‘পোশাক আমাদের শরীর ধারণ করছে। আর পোশাকের এই সব বর্ণমালা আমরা হূদয়ে ধারণ করছি।’ প্রদর্শনীটি অঞ্জন’সের সব শাখায় চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ছাড়াও পাওয়া যাবে বাচ্চাদের পোশাক। অঞ্জন’সের প্রধান নির্বাহী শাহিন আহমেদ বলেন, ‘ভাষা আন্দোলনের ৬০ বছর উপলক্ষে আমাদের এই আয়োজন। যার মাধ্যমে আমরা ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে চাই।’