পোশাকে বৈশাখী রং

পয়লা বৈশাখ। বর্ণিল হয়ে ওঠার দিন। পোশাকও চাই বাহারি—বাঙালিয়ানা থাকবে, ফ্যাশনেও ষোলআনা। এই দুইয়ের মিল ঘটাতে কতই না ঝক্কি। এ দোকান-ও দোকান ঘোরাঘুরি। তার পরও ফ্যাশনেবল পোশাকটা চা-ই।
বর্ণিল সব পোশাকের সম্ভার নিয়ে ফ্যাশন হাউসগুলোও সেজেছে নতুন সাজে। নজরকাড়া পোশাকে ভরপুর বিপণিবিতানগুলো। এসব পোশাকে লাল-সাদার পাশপাশি রয়েছে হলুদ, নীল, বেগুনি, কালো, ম্যাজেন্টা, কমলাসহ নানা রঙের বাহার। ক্রেতারাও বৈচিত্র্যের খোঁজে প্রথমেই ঢুঁ মারছেন বুটিক হাউসে।

ফ্যাশন ডিজাইনার আইভি হাসান বললেন, তপ্ত দিনে বৈশাখ। স্বাভাবিকভাবে প্রধান্য পাবে আরামদায়ক কাপড়। আবার উৎসবের ব্যাপারটাও ভাবতে হবে, যাতে পোশাক বর্ণিল হয়। বিশেষ করে দিনের পোশাক সুতি এবং হালকা রঙের হলে ভালো। তাতে ঘামের চিটচিটে ভাবটা ভোগাবে না। এ জন্য ছেলেরা সুতির পাঞ্জাবি ও ফতুয়া পরতে পারেন। আর মেয়েরা সালোয়ার কামিজ ও শাড়ি পরলেও একই কথা মাথায় রাখা চাই। কিশোরীদের জন্য ফতুয়া-টপসই জুতসই। তবে সন্ধ্যা-রাতের পোশাকে অ্যান্ডি সিল্ক, তসর ও মসলিনের পোশাক মানানসই হবে।
এবারও পোশাকের নকশায় চিরায়ত বাংলার আবহ। এর সঙ্গে যোগ হয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন। নকশায় প্রাধান্য পেয়েছে নকশিকাঁথার কাজ, হ্যান্ডপেইন্টিং, ব্লক, হাতের কাজ, অ্যাপ্লিক, টাইডাই, অ্যামব্রয়ডারি, দেশীয় নানা মোটিফ-ঘুড়ি, ফুল, কলস, ঘণ্টা, ময়ূর, হাতপাখা, টেপা পতুল ও পাখি। সুতি, অ্যান্ডি, হাফসিল্ক, মসলিন ও সিল্কের কাপড়ের এসব পোশাকে রয়েছে নজরকাড়া নকশার বুনন। এবারও সালোয়ার-কামিজ ও শাড়িতে জমকালো কাজ। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং তরুণীদের কুর্তা ও ফতুয়াতেও আনা হয়েছে বৈচিত্র্য। শিশুদের পোশাকেও রয়েছে চমৎকার সব সংগ্রহ। আরিয়ন ফ্যাশনসহ কিছু ফ্যাশন হাউস ছোট মেয়েদের জন্য শাড়ি করেছে।
আফমি প্লাজার দেশীদশে ঢাকার নয়টি বুটিক হাউসে এখন ক্রেতাদের আনাগোনা বেশি। রঙ, সাদাকালো, নিপুণ, বাংলার মেলা, অঞ্জনস, বিবিআনা, দেশাল, নগরদোলা ও কে-ক্র্যাফটে পুরোটাই জুড়ে বৈশাখী পোশাকে ভরপুর। এখানে বৈচিত্র্য চোখে পড়ে রঙের পোশাকগুলোতে। এখানে ঐতিহ্যবাহী লুঙ্গির মোটিভ এবারের বৈশাখের নানা অনুষঙ্গে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে।

রঙে পোশাক কিনতে আসা বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণী উম্মে হাবিবা বলেন, এখানে সব সময় বৈচিত্র্যময় পোশাক পাওয়া যায়। একেবারে হাল ফ্যাশনের সর্বশেষ সংগ্রহটা থাকে এসব বুটিক হাউসে। তবে দামটা থাকে বেশি।

ষোলশহরের আড়ংয়ে ক্রেতার ভিড়ে ঠাসা। বিক্রিও চলছে সমানে। এ ছাড়া শৈল্পিক, ডলস হাউস, মিয়াবিবি, পিণন, রওশনস, অনিন্দ্য, নক্ষত্র, ময়ূরাক্ষী, ড্রিম ফ্যাশন, মিরনস, শ্রেয়া, মুনমুনস, চারু চট্টগ্রাম, সালসাবিল, বাঙালিবাবু প্রভৃতি ফ্যাশন হাউসে চলছে জমজমাট কেনাকাটা। এদিকে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, সানমার, নিউমার্কেট, লাকী প্লাজায়ও বৈশাখী পোশাকের বিক্রি জমজমাট।
শৈল্পিকের কর্ণধার এইচ এম ইলিয়াস বলেন, ‘গতবার রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ব্যবসা মন্দা গেছে। তবে এবার চিত্র ভিন্ন। কেনাকাটা আগেভাগে জমে উঠেছে। মার্চের শেষ দিক থেকে পোশাক তুলেছি আমরা। এখন তো ক্রেতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।’
