পোশাকে ভরপুর বিপণিকেন্দ্র ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপণিকেন্দ্র বাহারি পোশাকে ভরপুর। কিন্তু ক্রেতা সমাগম কম। হরতাল ও বৃষ্টির কারণে এবার ধীরে জমছে ঈদবাজার। তবে ব্যবসায়ীরা আশা করছেন, চলতি সপ্তাহ থেকে বাজার জমে যাবে।বাজার ঘুরে দেখা গেছে, ভাটিয়ারী খাজা ট্রেডার্স, মিনা মার্কেট, কুমিরার মদিনা মার্কেট, মক্কা মার্কেট, ছোট কুমিরা বিসমিল্লাহ শপিং সেন্টার, বাড়বকুণ্ড বাজার, গণি মার্কেট, সীতাকুণ্ড সদরের শপিং সেন্টার, সুপার মার্কেট, নিউমার্কেট, ন্যাশনাল মার্কেট, নাহার প্লাজা, আফরোজা প্লাজা, মহিলা মার্কেট, বিগবাজার, মসজিদ মার্কেটের বিভিন্ন দোকান নজরকাড়া নকশার পোশাকে ঠাসা। শাড়ির মধ্যে বেশির ভাগ দোকানে রয়েছে বিভিন্ন রকমের কাতান। এসব শাড়ির দাম পড়বে তিন থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। সালোয়ার-কামিজ রয়েছে নানা নামের—ভিবেক, রাজকন্যা, রেভিয়া। রয়েছে লম্বা কামিজও। দাম পড়বে তিন থেকে ১১ হাজার টাকা। ছোটদের জন্য রয়েছে পার্টি ফ্রক, স্কার্ট, লেহাঙ্গা প্রভৃতি পোশাক। ছেলেদের পোশাকেও রয়েছে বৈচিত্র্য। হাতের কাজের পাঞ্জাবি রয়েছে বেশ কয়েকটি দোকানে।ভাটিয়ারীর খাজা ট্রেডার্সে কেনাকাটা করতে আসা মো. ইসমাইল বলেন, ‘ছেলের জন্য কাবলি পোশাক বানাতে দিয়েছি। পরিবারের অন্যদের জন্য ২০ রমজানের পর কেনার চিন্তাভাবনা রয়েছে।’নিউমার্কেটে আসা আরেক ক্রেতা জুলি আক্তার বলেন, ‘গত বছরের তুলনায় এবার দাম বেশি। এখনো পোশাক পছন্দ হয়নি। আরও একটু দেখে দু-এক দিন পর কিনব।’ খাজা ট্রেডার্সের স্বত্বাধিকারী কামাল উদ্দীন সওদাগর বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। ফলে এবার ক্রেতার উপস্থিতি কম। তবে চলতি সপ্তাহে ভিড় বড়তে পারে। এদিকে দিন-রাত কাজ করে নির্ঘুম কাটাচ্ছেন উপজেলার বিভিন্ন মার্কেটের দরজিরা। রমজান মাস শুরুর আগে থেকেই পোশাকের ফরমাশ দেওয়া শুরু হয়। অনেকে অস্থায়ী কারখানা বানিয়ে কাজ করছেন। প্রায় দোকান এখন নতুন ফরমাশ নিতে পারছে না।ঈদবাজারের নিরাপত্তা প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, ‘ঈদবাজার ও ক্রেতাদের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে থাকায় দুই বছর ধরে কোনো অসুবিধা ছাড়াই ঈদের কেনাকাটা করেছে মানুষ। এবারও চেষ্টা করব সেই ধারা বজায় রাখতে। ঈদের কেনাকাটার নিরাপত্তায় টহল পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম থাকবে।’