
সাজতে গিয়ে পরনের সুন্দর পোশাকে যদি লেগে যায় মেকআপের দাগ! পোশাক তো গেলই, পছন্দের মেকআপেরও অপচয়। আর বাইরে বেরোনোর মুখে এমন দুর্ঘটনায় মেজাজটা যে খিঁচড়ে যাবে, সেই ক্ষতির কোনো পরিমাপই নেই। জেনে নিন তাই এ থেকে মুক্তি পাওয়ার উপায়।
ফ্যাশন হাউস ড্রেসিডেলের প্রধান ডিজাইনার মায়া রহমান বললেন, সাজতে গিয়ে কাপড়ে কাজল, আইলাইনার, ফাউন্ডেশন ক্রিম, ফেস পাউডার ইত্যাদি লেগে গেলে বেবি ওয়াইপস দিয়ে হালকা ঘষলেই উঠে যাবে। না হলে পানিতে শ্যাম্পু মিশিয়ে নিয়ে তাতে কাপড়ের দাগ লাগা অংশটি ভিজিয়ে সামান্য ঘষতে হবে। তাতে দাগ উঠে যাবে। কালির দাগ ওঠাতে লেবুর রস খুবই উপকারী।
ঢাকার ব্যান্ডবক্স লন্ড্রির কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল দাগ তোলার আরও নানা উপায়। সুতি, জর্জেট বা সিল্ক কাপড়ে মেকআপের হালকা ধরনের দাগ লাগলে সাধারণ ডিটারজেন্ট পাউডার পানিতে গুলিয়ে ফেনা তৈরি করে কাপটি ভিজিয়ে নিয়ে হালকা ঘষলেই দাগ চলে যাবে। অথবা সামান্য পানিতে ডিটারজেন্ট মিশিয়ে পেস্ট তৈরি করে দাগটির ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে উঠলে আলতো ঘষে তুলে ফেলতে হবে।
* সাজতে গিয়ে হঠাৎ কাপড়ে লিপস্টিকের দাগ লেগে গেলে ওই অংশটা স্পিরিটে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দাগ চলে যাবে।
* অনেক সময়ই হাতে মেহেদি লাগানোর সময় কাপড়ে লেগে গিয়ে দাগ বসে যায়। এ রকম হলে দাগ লাগা অংশটি গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সাবান দিয়ে ধুয়ে ফেললে অনেক সময় দাগ চলে যায়। নতুবা বাজারে কাপড়ের কঠিন দাগ তোলার নানা রকম রাসায়নিক পাওয়া যায়, তা ব্যবহার করা যেতে পারে। লেবুও অনেক দাগ তুলতে সহায়তা করে।
* অনেক সময়ই তাড়াহুড়ো করে নখে নেইলপলিশ পরতে গেলে খানিকটা পরনের পোশাকে লেগে যায়। এ ক্ষেত্রে পোশাকটি খুলে ফেলে নেইলপলিশ লাগা অংশটি নেইলপলিশ রিমুভার দিয়ে ভিজিয়ে নরম করে টিস্যু বা কাপড় দিয়ে মুছে নিতে হবে। দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত এভাবে কয়েকবার রিমুভার লাগিয়ে মুছে নিতে হবে।
সাজগোজ করার সময় একটু সতর্ক হয়ে প্রসাধনসামগ্রী ব্যবহার করলেই রক্ষা পাওয়া যায় এসব দাগ লাগার হাত থেকে। জানালেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। তাড়াহুড়ো না করে, নখে নেইলপলিশ পরার পর শুকিয়ে গেলে তারপর অন্য কাজ করা উচিত, তাহলেই আর কাপড়ে নেইলপলিশের দাগ লেগে যাওয়ার ভয় থাকবে না। মুখে মেকআপ করার সময় গলায় কাপড় বা তোয়ালে জড়িয়ে পরনের পোশাকটি আড়াল করে নিতে পারেন। লিপস্টিক, কাজল, আইলাইনার, মাসকারা, আইশ্যাডো বা নেইলপলিশ লাগানোর সময় হাতের কাছে টিস্যু বা কাপড় রেখে নিলে ছড়িয়ে যাওয়া অংশ মুছতে সুবিধা হবে এবং হাতে লেগে তা থেকে পরনের পোশাকে লেগে যাবে না। মেহেদি পরার সময় নিচে কাপড় বিছিয়ে নিলেও পরনের পোশাকটি দাগ লাগার হাত থেকে রক্ষা পায়। আর মেকআপ করে নিয়ে তবেই পোশাকটি পরে ফেলা ভালো।