পোশাকে শরতের শুভ্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির ঘণ্টা বেজে গেছে অনেক আগেই। আগাম ছুটি হয়ে গেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটি মানেই আনন্দ, ছুটি মানেই বাঁধনহারা, ছুটি মানেই পরিকল্পনার ছবি আঁকা। আর সেটা যদি ঈদের ছুটি হয় তবে কথাই নেই। হ্যাঁ, আবার ছুটির দিন এলো। ঈদের ছুটি। ঈদ এলো। ঈদ এলো শরতের শুভ্রতা বুকে নিয়ে। যদিও প্রকৃতিতে বর্ষার রেশ এখনো কাটেনি তবু আমাদের স্বপ্ন ঈদ আসতে আসতে শরৎ পূর্ণ রূপে ধরা দেবে। আকাশজুড়ে চলবে সাদা মেঘের ওড়াওড়ি। কিন্তু প্রকৃতির শুভ্রতা ছাপিয়ে প্রতি মুহূর্তে মূর্ত হয়ে উঠবে পোশাকের রঙিনতা। ঝলমলে রঙিন ঈদ। ঈদ মানেই খুশি। আর এ খুশির বন্যা তারুণ্যের মাঝে যতটা ধরা দেয়, ততটা নয় যৌবনোত্তীর্ণ প্রৌঢ় কিংবা বয়স্কদের বেলায়। তাই তো ঈদের বিপণির সবটাজুড়ে থাকেন তরুণ-তরুণীরা। এবারও তার ব্যত্যয় ঘটেনি। ঈদকে সামনে রেখে বিপণিকেন্দ্রগুলোতে বাড়ছে তরুণ-তরুণীদের ভিড়। এবারের ঈদ শরতে হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু প্রকৃতিতে মূর্ত হয়ে আছে। ভ্যাপসা গরম চারদিকে। তাই তো তারুণ্য বেছে নিচ্ছে আরামদায়ক পোশাক। সুতি, এন্ডি সিল্ক ও হাফসিল্কের কাপড়। সুতি কাপড়ের ওপর অ্যামব্রয়ডারি কাজের সালোয়ার-কামিজ যেমন পছন্দ করছেন তেমনি হাফসিল্কের ওপর জারদৌসি কাজের দিকেও ঝুঁকছেন তরুণীরা। তবে গতবারের মাসাকালির ধার এখনো কিন্তু কমেনি। মুম্বাই ছবির নায়িকাদের ওই পোশাকের কদর এবারও রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটা নাম দখল করেছে তরুণীদের পোশাকের বাজার। এর মধ্যে আছে সোহানা, মাই নেম ইজ খান, থ্রি ইডিয়টস ইত্যাদি।দোকানিরা জানান, খাটো ও কুঁচি হাতা সিল্কের কাপড়ের ওপর নেটের সোহানা জামা, কাতানের ওপর নেটের কাজের ফুলহাতা নেটের মাই নেম ইজ খান, দিল্লি-৬, বোম্বে-৬, মাসাকালি ইত্যাদি এবারের ফ্যাশন। নরমাল সুতির কাপড়ের নেট হাতা থ্রি-ইডিয়টসও ভালো চলছে এবার। এ ছাড়া চলছে নানা রঙের ও ঢঙের বাহারি ফতুয়া। জারদৌসি, কারচুপি, হাতের কাজ, পুঁতি, অ্যামব্রয়ডারি ইত্যাদি কাজ রয়েছে কামিজ আর ফতুয়ায়। আরেকটা তথ্য না দিলেই নয়, তরুণীরা কিন্তু এখনো তাঁদের পছন্দের সালোয়ার-কামিজের কাপড় নিয়ে ছুটছেন দর্জিবাড়ি। নিজের পছন্দমতো বানিয়ে নিতে সদাব্যস্ত তাঁরা। তরুণেরা সবসময় ঈদে সেরা পোশাকটি বেছে নিতে চায়। তাদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে পাঞ্জাবির দিকে। খাটো পাঞ্জাবি এবারও চলছে। সঙ্গে ব্লক, হাতের কাজ, অ্যামব্রয়ডারি, পুঁতি ইত্যাদির কাজও। জয়শ্রী, দুপিয়ান, অ্যান্ডি, জুট কটনের কাপড়ের ওপর চলছে গিঁঠ, পুঁতি ও পাথরের কাজ। পাঞ্জাবির সঙ্গে চুড়িদার, সেমি চুড়িদার ও আলিগড় পাজামা ও ওড়নার বেশ চাহিদা। পাঞ্জাবির কাপড়ের ক্ষেত্রে সুতি প্রথম পছন্দ হলেও আকষর্ণীয় পাঞ্জাবি সেটা যে রঙেরই হোক কিনতে দেরি করছেন না তরুণেরা। এ ছাড়া খাটো শার্টের কদর এবারও ভালোই দেখা যাচ্ছে। আকষর্ণীয় শার্ট কিংবা শখের জিনস প্যান্টটি নিজের করে নিতে তরুণেরা ভিড় করছেন ক্যাটস আই, খাকি, মেনজ ক্লাব, ওয়েস্টেকস, শৈল্পিক, বাঙালিবাবুর মতো দোকানগুলোতে। শুধু কি তাই, শার্ট, পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে চটি, জুতা, ব্রেসলেট, গলার হার ইত্যাদি কিনতেও ভুল করছেন না তাঁরা। তরুণ-তরুণীরা তো গেল। বাঙালি বধূরাই বা কী করছেন ঈদে। বাঙালি ললনারা চিরকালই শাড়ির কাঙাল। কথায় আছে যত শাড়িই থাক, তারপরও শাড়ির দোকান দেখলে একটু চোখ না ফিরিয়ে থাকতে পারেন না বাঙালি বধূ। ঈদে তো নয়ই। এবার শাড়ির বাজারে যেন গরম হাওয়া লেগেছে। চিরায়ত বাঙালির ঐতিহ্য সুতি, তাঁত, জামদানি, মসলিনের ওপর কাজ করা শাড়ি তো রয়েছেই। এর বাইরে রাজশাহী সিল্ক, হাফ সিল্ক, সফুরা সিল্ক, শিপন ইত্যাদি কাপড়ের ওপর জারদৌসি, অ্যামব্রয়ডারি, হাতের কাজ, অ্যাম্বোস, ব্লক, আলপনা, কারচুপিতে ভরা নিত্যনতুন ডিজাইনের শাড়ির কদর চোখে পড়ছে। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে নেট, টিস্যু, শিপন, জুট কটন কাপড়ের শাড়ির বাহার। ঈদের আনন্দ সবচেয়ে বেশি শিশুদের বেলায়। তাই শিশুদের পোশাকে প্রতিটি পরিবার যত্নবান হয় প্রথম থেকেই। আগে শিশুর সন্তুষ্টি তারপর নিজেদের। এবার শিশুদের ক্ষেত্রে ছেলেদের ওয়ান্টেড, ওম শান্তি ওম গেঞ্জি এবং মেয়েদের সোহানা, সাকিরা, অক্টোপাস বেশি চলছে। গতবারের ডিজাইনগুলোর মধ্যে মাসাকালি এবারো বাজার মাত করেছে। এ ছাড়াও শিশুদের পাঞ্জাবির ডিজাইনও বড়দের অনুসরণ করেছে প্রতিবারের মতো।সব বড় বড় নাম, বড় বড় দাম। এমন মনে করার কোনো কারণ নেই। কারণ উচ্চ, মধ্য, নিম্ন, নিম্নমধ্যবিত্ত—সবার জন্য পসরা সাজিয়ে বসে আছে বিপণিকেন্দ্রগুলো। বিপণিবিতান (নিউমার্কেট), সানমার ওশান সিটি, আমিন সেন্টার, মিমি সুপার মার্কেট যেমন রয়েছে উচ্চবিত্তদের জন্য তেমনি রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার, শপিং কমপ্লেক্স, লাকি প্লাজায়ও ভিড় করছেন স্বল্প ও মধ্য আয়ের লোকজন। দিন পেরিয়ে রাত আসে। কেনাকাটা বন্ধ নেই। সবার একটাই লক্ষ্য—ঈদকে আনন্দঘন করে তোলা। শরতের শিউলির মতো সুগন্ধভরা!