পোশাকে হৃদ্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু সম্পর্ক রঙিন হয়ে ওঠে বসনে। উৎসব উপলক্ষে বন্ধু কিংবা বোনেরা মিলে এক রকমের পোশাক পরার মাধ্যমে যেমন ফুটে ওঠে মনের মিল, আবার দৃঢ় হয় সম্পর্কের বন্ধনও। বিবিয়ানার কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘বোনেরা মিলে একই রকম পোশাক পরা নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে। ছোটবেলায় মা আমাদের চার বোনকে ঈদে এক রকমের ফ্রক তৈরি করে দিতেন। একবার ঈদে মা আমাদের গোলাপি শিফনের ফ্রকে রঙিন সুতার কাজ করে দিয়েছিলেন। সেই ফ্রক পরে আমরা সারা পাড়া চষে বেড়িয়েছিলাম। বড় হওয়ার পরও আমরা বোনেরা একই রকম কামিজ বানাতাম। সে ভালো লাগাটি এখনো রয়ে গেছে।’ ফ্যাশন হাউস অঞ্জন’সের প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, ‘বন্ধুরা মিলে একই রকম পোশাক পরলে সবাইকে একসঙ্গে দেখতেও ভালো লাগে। তবে মনের মিলটা যে পোশাকে হুবহু প্রতিফলিত হতে হবে, তা কিন্তু নয়। প্রত্যেকেরই আলাদা করে পছন্দ-অপছন্দ থাকতে পারে। তাই রং ও মোটিফটা ঠিক রেখে যাঁর যাঁর পছন্দমতো নকশা ও কাটে বৈচিত্র্য এনে নিজের পোশাকটি বানিয়ে নিতে পারেন।’ নানা উৎসব কিংবা পারিবারিক যেকোনো আয়োজনে বন্ধুরা মিলে একই পোশাকে সেজে উঠতে পারেন। প্রিয় সেই মুহূর্তটিকে করতে পারেন ক্যামেরাবন্দীও। একই রকম ও কাছাকাছি ডিজাইনের পোশাক খুঁজতে যেতে পারেন নগরের ফ্যাশন হাউসগুলোতে। এ ছাড়া চোখ রাখতে পারেন ফেসবুকের ফ্যাশন পাতাগুলোয়।একই রকম পোশাক পরার উপলক্ষটি যদি হয় বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, তাহলে পোশাকটি যেন সারা দিনের ঘোরাঘুরির জন্য আরামদায়ক হয়, সেটি খেয়াল রাখুন। বেছে নিতে পারেন হাল ফ্যাশনের লম্বা কামিজ। তার সঙ্গে পরতে পারেন রং মিলিয়ে অথবা বিপরীত রঙের লেগিংস।একই রকম পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে রঙের মিলকে গুরুত্ব দিন। পোশাকের নকশার মাধ্যমটি ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট কিংবা এমব্রয়ডারি যা-ই হোক না কেন, মোটিফটি এক হলে ভালো দেখায়। ফ্যাশন হাউসগুলোতে ঘুরতে ঘুরতে পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের পোশাকটি। দর্জিবাড়ি ঘুরেআপনি চাইলে নিজেও হয়ে উঠতে পারেন আপনার পোশাকের ডিজাইনার। একজন দক্ষ দরজির সঙ্গেও পরামর্শ করে নিতে পারেন। গাউসুল আজম সুপার মার্কেটের কাকলী লেডিস টেইলার্সের কাটিং মাস্টার মো. জাহিদুল ইসলাম জানান, হাল ফ্যাশনের লম্বা কামিজ বানাতে সাড়ে তিন হাত বহরের কাপড় লাগবে দুই গজ। আড়াই হাত বহরের ক্ষেত্রে তিন গজ। কামিজের হাতা, কলি ও পাড়ে পাইপিংসহ নকশা করতে কাপড় লাগবে এক গজ। আপনি যদি কাপড়ের পরিবর্তে লেইস ব্যবহার করতে চান, তবে আড়াই গজের মতো লেইস কিনতে পারেন। লম্বা কামিজের সঙ্গে চুড়িদার কিংবা প্যান্ট-পায়জামা বানাতে চাইলে আরও দুই গজ বেশি কাপড় কিনবেন। কামিজে বসিয়ে নিতে পারেন কোনো ইয়োকও। তবে পোশাক তৈরির ক্ষেত্রে যাঁর যাঁর পছন্দমতো ডিজাইনে বৈচিত্র্য আনতে পারেন। একই মোটিফ ভেঙে নিতে পারেন বিভিন্ন ডিজাইনেও।যাঁরা একটু ভারী গড়নের, তাঁদের পাঞ্জাবি ঘরানার একটু ঢিলেঢালা লম্বা কামিজে ভালো দেখায়। হালকা গড়নের হলে ঢিলেঢালা ফ্রকগোছের কামিজ বেছে নিন । কামিজের হাতা ও গলার কাটেও ভিন্নতা আনা যায়। আপনাকে ঠিক কোনভাবে ভালো দেখায়, তার প্রতি মনোযোগী থাকুন। ‘শুধু পোশাকের নয়, বন্ধুরা মিলে একসঙ্গে ঘুরতে বের হলে সবার সাজগোজেও মিল রাখতে পারেন। তবে এখানে পোশাকটি যেহেতু মুখ্য, তাই সাজটা হালকা হলেই ভালো দেখাবে। চোখের কোণে একটুখানি কাজল আর হালকা রঙের যেকোনো লিপস্টিকেই আপনি হয়ে উঠবেন অসাধারণ।’ বলেন বিন্দিয়া এক্সক্লুসিভের রূপবিশেষজ্ঞ শারমিন কচি। সাজপোশাকে এবার হোক তবে হূদ্যতার বহিঃপ্রকাশ!