পোশাকের পসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সরগরম ঢাকার আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন (এআরএ) সুইমিংপুলের চারপাশ। উপস্থিত মুখগুলো অপেক্ষায় আছে সামনের মঞ্চের দিকে চেয়ে। সেই অপেক্ষার অবসান ঘটল। মঞ্চে ঝলমল করে উঠল এক ঝাঁক মডেল। পরনে বৈচিত্র্যময় পোশাক। এটা ঢাকা ফ্যাশন উইক ২০১৩ অনুষ্ঠানের কথা। গত ২৯ ও ৩০ মার্চ ঢাকার গুলশানের এআরএ সুইমিংপুলের পাশে অনুষ্ঠিত হলো এই আয়োজন। যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পোশাক, গয়না, জুতা, ব্যাগসহ ফ্যাশনের নানা অনুষঙ্গ নিয়ে হাজির হয়। প্রথম দিনের ফ্যাশন শোতে অংশ নেয় ফ্যাশন হাউস স্টাইল সেল, ব্ল্যাক মরিচ, ফারজানা মালিক, সাদাকালো, ম্যাকয়, এক্সক্লুসিভ, এনা লা মোড, এক্সক্লুসিভ ও পূরবী জুয়েলার্স। মডেলরা এসব ফ্যাশন হাউসের শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, গাউন ও ফ্রক পরেন। ফ্যাশন হাউস সাদাকালোর শাড়ির মোটিভে ব্যবহার করা হয়েছে মাছ। ছোট ছোট পুঁতি, চুমকির মিশেলে হাতের কাজ ছিল অনেক পোশাকে। জামদানি কাপড়ের তৈরি ব্যাগ দেখা গেল এই ফ্যাশন শোতে।অনুষ্ঠানের অন্যতম আয়োজক ফাকরুল চৌধুরী বলেন, ‘দেশীয় পোশাকের প্রতি আগ্রহ আরও বাড়াতেই এমন আয়োজন। এ ছাড়া ডিজাইনাররাও তাঁদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন। সব মিলিয়ে মানুষকে আরও বেশি ফ্যাশনসচেতন করতে এই আয়োজন।’ফ্যাশন উইকের শেষ দিনে ছিল আরও কয়েকজন ডিজাইনারের ডিজাইন করা পোশাক। ফ্যাশন হাউস যাত্রা, মিয়া বিবি, মুকুল, সালেহ রবি জন ও মুমু মারিয়া বৈচিত্র্যময় নকশার পোশাক তুলে ধরেন সবার সামনে। দুই দিনের এই ফ্যাশন শোতে উজ্জ্বল রঙের ব্যবহার দেখা গেছে বেশি। শাড়ি ছাড়াও মেয়েদের পোশাকের কাটে দেখা গেছে নতুন ঢং। অনুষ্ঠানে বেশ কিছু ব্যক্তি ও ফ্যাশন হাউসকে পুরস্কার তুলে দেওয়া হয়। আপ কামিং ব্র্যান্ড হিসেবে ম্যাকয়, এক্সেসরিজ ব্র্যান্ড অব দ্য ইয়ার হিসেবে এনা লা মোড, ফ্যাশন ব্র্যান্ড অব দ্য ইয়ার হিসেবে মিয়া বিবি, ডিজাইন অব দ্য ইয়ার হিসেবে মুমু মারিয়া, ইয়াং ডিজাইনার হিসেবে সালেহ রবি জন, মডেলদের মধ্যে পুরস্কার পান টুম্পা ও হিরা। দুই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাত্তর টিভির সামিয়া জামান এবং চাইল্ড সাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ মুহিত।