পোষা প্রাণীর চিকিৎসালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলির বয়স মোটে সাত বছর। কয়েক দিন ধরে ওর শরীরটা ভালো নেই। কিছু খায় না, হাঁটা-চলা প্রায় করেই না বলা চলে। সারা দিন ঝিমায়, মাঝেমধ্যে যন্ত্রণাকাতর মুখ দিয়ে বেরিয়ে আসে গোঙানি! বাসার লোকজন চিন্তিত। কী করা যায়? সমাধান দিলেন একজন, ‘গুলশানে একটা ক্লিনিক আছে, সেখানে নিয়ে যাও।’ তা-ই করা হলো। ক্লিনিকের কর্ণধার চিকিৎসক মো. আজমত আলী সব দেখলেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিলেন। সেসব করা হলে, আবার সেখানে নিয়ে যাওয়া হলো জুলিকে। চিকিৎসকের কপালে ভাঁজ, ক্যানসার হয়েছে বেচারি জুলির! দেরি না করে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হলো। প্রথম ধাক্কায় সফলও হলো সেটা। এক সপ্তাহের মাথায় আবার আরেকটা সফল অস্ত্রোপচারের মাধ্যমে জুলির পিঠের টিউমারটি কেটে ফেললেন আজমত। কপালের ঘাম মুছলেন তিনি। নতুন জীবন ফিরে পেল জুলি। হাসি ফুটল জুলি নামের ওই বিড়ালটির মালিকের মুখে। এমন অসংখ্য গল্প জমা হয়ে আছে গুলশান পেট অ্যানিমেল ক্লিনিকে। সরকারি পশু হাসপাতালের পাশাপাশি ঢাকা শহরে গড়ে উঠেছে বেসরকারি কিছু প্রতিষ্ঠানও। তেমনি একটির নাম ‘গুলশান পেট অ্যানিমেল ক্লিনিক’। এর প্রতিষ্ঠাতা চিকিৎসক মো. আজমত আলী। নিজের এই ক্লিনিকে তিনি কেবল পশুর চিকিৎসাই করেন না, গড়ে তুলছেন কুকুরের কামড় থেকে রেহাই পাওয়ার ব্যাপারে সামাজিক সচেতনতা। অচিরেই তিনি বিনা মূল্যে ভ্যাকসিনেশনের সুবিধা রাখছেন তাঁর ক্লিনিকে। গুলশান-২-এর ডিসিসি সুপার মার্কেটের বর্ধিত অংশের ৪ ও ৫ নম্বর দোকানে এই পোষা প্রাণীর চিকিৎসালয়। প্রতিদিন সেখানে অনেক মানুষই আসছে, তাদের প্রিয় পোষা প্রাণীর নানা রোগ-বালাইয়ের সমাধান পেতে।২.খরগোশটার চোখ দুটো ছোট আকারের মার্বেলের মতো। লম্বা দুটো কান। পুরো শরীর যেন সাদা রেশম দিয়ে মোড়ানো। কয়েক দিন আগেও খুব চঞ্চল ছিল প্রাণীটা। খাঁচার আর সব বাসিন্দা মোটামুটি তটস্থ ছিল ওর দস্যিপনায়। কিন্তু চার-পাঁচ দিন আগে থেকে যে কী হলো, একদম ঠান্ডা হয়ে গেল সে। খরগোশের মালিক ইরন (তৃতীয় শ্রেণী পড়ুয়া) ভাবল, যাক, এবার বোধ হয় খানিকটা ভদ্র হয়ে গেছে পাজিটা। কিন্তু না, এক দিন বাদে দেখা গেল, এটা ভদ্রতার লক্ষণ নয় মোটেও! কিছুই খায় না খরগোশটা, কেবল ঝিমায়। ইরন ধরল ওর বাবাকে, ‘গিট্টুকে (খরগোশটার নাম) ডাক্তারের কাছে নিয়ে চলো।’ইরন ও তার খরগোশটাকে নিয়ে বাবা এলেন আজমত আলীর কাছে। সব দেখে আজমত আলী ইরনকে বললেন, ‘তুমি তো খরগোশটার দেখাশোনা করো না ভালোভাবে! ও পুষ্টিহীনতায় ভুগছে।’ ইরনের চটজলদি আত্মপক্ষ সমর্থন, ‘আমার কী দোষ, ওই তো খেতে চায় না!’ আজমত বললেন, ‘তুমি যা খেতে দাও, তা হয়তো ওর ভালো লাগে না! চিন্তার কিছু নেই, ওষুধ দিচ্ছি, এখন থেকে ও সব খাবে।’ ইরনের ছোট মুখে বড় হাসি।চিকিৎসক আজমত বললেন, ‘পোষা প্রাণীর অসুখ-বিসুখ হয় মূলত অসচেতনতার কারণেই। অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার কিংবা অযত্নের কারণেই ভোগান্তির শিকার হয় প্রাণীগুলো। এ ক্ষেত্রে প্রথমেই দরকার পশুপাখির প্রতি ভালোবাসা, যথাযথ পরিচর্যা।’কথা বলতে বলতে ক্লিনিকের ছোট্ট ঘরটায় একটা খাঁচা হাতে কাঁচা-পাকা দাড়ির একজন মধ্যবয়সী মানুষ উপস্থিত। খাঁচার ভেতর দুটি টিয়া পাখি। সমস্যা কী? এদেরও ঝিমুনি রোগ! কিন্তু আজমত যে-ই না ওদের খাঁচা থেকে বের করে আনতে গেলেন, কোথায় যে পালাল ঝিমুনি! রীতিমতো যুদ্ধংদেহী রূপে তাদের আত্মপ্রকাশ। ফলাফল আঙুলে ঠোকর খাওয়া, রক্তারক্তি অবস্থা। তার পরও ছেড়ে দেওয়ার পাত্র নন আজমত। এমন দুর্ধর্ষ পাখি তিনি অনেক সামলিয়েছেন। এ যাত্রায়ও সামলালেন। সব দেখে-শুনে পাখি দুটিকে খাইয়ে দিলেন ওষুধ।টিয়া পাখির চিকিৎসা শেষ। এল একটা আদুরে কুকুর। কুকুরের নাম ম্যাকলাভেন! আমেরিকান এস্কিমো জাতের এই আদুরে কুকুরের বয়স মোটে আড়াই মাস। না, ম্যাকলাভেনের কোনো রোগ-বালাইজনিত সমস্যা ছিল না। ওর মালিক রিজান মঞ্জুর বললেন, ‘ওর গলায় বাঁধার মতো একটা বেল্টের দরকার। তা ছাড়া ইদানীং ওর দাঁতও উঠছে। সামনে যা পায়, তা-ই কামড়ে একাকার করে ফেলে! তাই কামড়ানোর মতো চিউইং-ও দরকার।’ এই পশু চিকিৎসালয়ে কি প্রথম এলেন নাকি নিয়মিতই আসা হয়? রিজান বললেন, ‘না, এখানে প্রায়ই আসা হয়। এখানে শুধু আমার কুকুরের জন্য চিকিৎসাসেবাই পাই না, পাশাপাশি পোষা প্রাণীর জন্য প্রয়োজনীয় নানা উপকরণও পাওয়া যায়।’ আজমত বললেন, ‘আমাদের এখানে পোষা প্রাণীর খাবার থেকে ওষুধ-পথ্য, প্রসাধনের নানা সামগ্রীও পাওয়া যায়। এখানে আমরা বিভিন্ন রকমের অসুখ-বিসুখের ভ্যাকসিনও দিয়ে থাকি। এখানে কুকুর, বিড়াল, খরগোশ, ইঁদুর কিংবা পাখি তো আসেই। আসে পোষা সাপ, কাছিম, গরু, ছাগলের মতো প্রাণী। পোষা হরিণ আর ভালুকের মতো প্রাণীও আমাদের এখানে এসেছিল বার কয়েক।’৩.মানিকগঞ্জের সদর উপজেলার মত্ত গ্রামে বাড়ি আজমত আলীর। পশু চিকিৎসক হওয়ার এবং তাঁর পশুপাখির প্রতি ভালোবাসার গল্প শোনাতে তিনি ফিরে গেলে সেই গ্রামে। বয়স তখন তাঁর মোটে পাঁচ। বড় ভাইয়ের সাত। আজমতদের মাঠে তখন কেবল ধান কাটা হয়েছে। নিয়ম ছিল ধান কাটা হলেই মাঠে যাঁরা কাজ করতেন, তাঁদের পিঠা-পায়েস খাওয়াতে হবে। আজমত ও তাঁর বড় ভাই সেদিন মাঠে গিয়েছিলেন কৃষকদের পায়েস খাওয়াতে। কিন্তু ফিরতি পথে ঘটে গেল একটা দুর্ঘটনা! ধরা গলায় সেই কথা পুরোনো দিনের দুঃসহ স্মৃতি তুলে ধরলেন আজমত, ‘আমাদের দুজনের মাথায় তখন পায়েসের গামলা। ফিরে আসছি, সময়টা তখন বিকেল। বাড়ির প্রায় কাছাকাছিই চলে এসেছিলাম। ঠিক তখনই বলা নেই, কওয়া নেই, কোত্থেকে একটা কুকুর এসে ঝাঁপিয়ে পড়ল বড় ভাইয়ের মুখের ওপর! সঙ্গে সঙ্গেই দিল চিৎকার, কুকুরটা বড় ভাইয়ের মুখে কামড়ে দিয়েছে। সে সময় আমাদের গ্রামে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন পাওয়া যেত না। ভাইকে ঢাকায় পাঠানো হলো। কিন্তু কাজ হলো না। তিন দিন লড়াই চালিয়ে মৃত্যুর কাছে হার মানলেন আমার বড় ভাই।’ ওই ঘটনার পর থেকে আজমতের মা কুকুর দেখলেই তেড়ে যেতেন, কান্নাকাটি করতেন সারা দিন। অন্যদিকে আজমতের বাবা উল্টো বাসায় একটা কুকুর পালতে শুরু করলেন একসময়। কুকুরের কামড়ে ভাই মারা যাওয়ার পর মা-বাবার অমন পরস্পরবিরোধী আচরণ আজমতের মনে বপন করল একটা প্রতিজ্ঞার বীজ, চিকিৎসক হতে হবে তাঁকে। কিন্তু শেষমেশ কী হলেন আজমত? মুখে একটা প্রসন্ন হাসি হেসে বললেন, ‘মানুষের চিকিৎসক না হওয়ায় কষ্ট পাইনি। অন্তত পশুপাখির চিকিৎসক তো হয়েছি এবং সেটাতেই আমি খুশি। পড়াশোনা করেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, পশুরোগ বিষয়ে। ছেলেবেলা থেকেই একটা প্রতিজ্ঞা ছিল, পাশাপাশি পড়াশোনার বিষয়টা একই রকম হওয়ায় পরবর্তী সময়ে আমি ছেলেবেলার কথাগুলো বারবার মনে করতাম। সব সময় ভাবতাম, কেউ যেন পশুপাখির আক্রমণে প্রাণ না হারায়। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে। সরকারি হিসাবে, প্রতিবছর বাংলাদেশে কুকুরের কামড়ে প্রাণ হারায় দুই হাজার মানুষ। পোষা প্রাণী মারা পরে ১০ হাজারের মতো এবং এর জন্য যে ভ্যাকসিন নেওয়া হয়, তার জন্য ব্যয় হয় ৩০ কোটি টাকা। এর সব চলে যায় বাইরের দেশে। মোটকথা, অসচেতনতার কারণেই এই বিশাল অর্থ ব্যয় করতে হচ্ছে আমাদের।’সচেতনতার প্রথম পদক্ষেপ হিসেবে আজমত আলী তাঁর ক্লিনিকে আসা সবাইকে উৎসাহিত করছেন পোষা প্রাণীর ভ্যাকসিন নিতে। দ্বিতীয়ত, অচিরেই তিনি শুরু করতে যাচ্ছেন বিনা মূল্যে ভ্যাকসিনেশন দেওয়া। আজমত বললেন পরিকল্পনার কথা, ‘এই মাস থেকেই আমাদের ক্লিনিকে বিনা মূল্যে ভ্যাকসিন দেব আমরা। এই সেবা পাওয়া যাবে প্রতি মাসের প্রথম শুক্রবার, সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত।’নিজের জীবনে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা আর প্রাতিষ্ঠানিক শিক্ষা, সঙ্গে যুক্ত হয়েছে পশুপাখির প্রতি ভালোবাসা; সব মিলিয়ে আজমত আলী বেশ উপভোগ করছেন তাঁর পেশা জীবন। ফিরে আসার সময় তিনি আমাদের শোনালেন পুরোনো এক ভালোলাগার স্মৃতি, ‘বছর দশেক আগের ঘটনা। ঢাকার ইন্দিরা রোডের একজন পাদরি এক রাতে আমার কাছে তাঁর পোষা বিড়ালটা নিয়ে এলেন। একদম অচেতন প্রাণীটা। আরেক চিকিৎসক তাকে নাকি মৃত ঘোষণা করেছেন। অনেক সাধের বিড়াল, তাই পাদরির চোখ ভেজা। প্রথম দেখায় আমিও ভেবেছিলাম, প্রাণ নেই প্রাণীটার শরীরে। কিন্তু কী মনে হলো, একটা স্যালাইন দিলাম। আর কী কাণ্ড, ইনজেকশন পুশ করার খানিক বাদেই গা ঝাড়া দিয়ে উঠল বিড়ালটা! একদম আচানক ব্যাপার-স্যাপার! তখন আমাদের সবার মুখেই হাসি। আমার পেশায় এখানেই আনন্দ। একজন মানুষকে সুস্থ করে তুললে যেমন আনন্দ, একটা পশু কিংবা পাখিকে সারিয়ে তুলে তেমনই আনন্দ পাই আমি।’