পোড়া বাড়িতে ফিরে মিললো স্বামীর পোড়া হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফিয়া নূর
ছবি: সংগৃহীত

১৫ এপ্রিল ১৯৭১। দুপুরের খাবার শেষ করে বড় ছেলে আর ছোট ভাইকে নিয়ে বেতারে খবর শুনতে বসেছেন অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা নুরুল হক। দুই দিন আগেই স্ত্রী সুফিয়া নূরের সঙ্গে ছোট ছেলে আর বড় মেয়েকে পাঠিয়ে দিয়েছেন গ্রামের বাড়ি। রাজশাহী শহরের সিরোইল জে-৬২ বাড়িতে এখন নুরুল হকরা তিনজন ছাড়াও আছেন বাসার কেয়ারটেকার ও তাঁর স্ত্রী। হঠাৎ একদল বিহারি বাসার সামনে এসে চিৎকার শুরু করল ‘ভাগ্‌ গিয়া, ভাগ্‌ গিয়া’। চিৎকার শুনে দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন নুরুল হক। তাঁকে নিচে নামতে বলে তারা। লোকগুলোর হাতে রাইফেল, পিস্তল, তরবারিসহ নানা ধরনের দেশি অস্ত্র। ততক্ষণে একদল লোহার হাতুড়ি দিয়ে নিচতলার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। ওপরে এসে নুরুল হককে গুলি করে তারা। কিশোর ছেলে নাজমুল ইসলাম তখন দোতলার বারান্দা দিয়ে লাফিয়ে নিচে পড়েন। আহত নাজমুল পালিয়ে বোনের শ্বশুরবাড়িতে গিয়ে আশ্রয় নেন।

রাজশাহীর সিরোইলে নুরুল হকের সেই বাড়ি
ছবি: সংগৃহীত

খবর গেল সুফিয়া নূরের কাছে। তিন দিন পর স্বামীর লাশ আনতে লোক যায়। ফিরে গিয়ে খবর দিলেন, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুনে নুরুল হকের লাশও পুড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের পর পোড়া বাড়িতে ফিরে স্বামীর পোড়া হাত আর কিছু হাড়গোড় পেলেন সুফিয়া নূর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে সেদিনের কথা বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন নুরুল হক-সুফিয়া নূরের বড় ছেলে নাজমুল ইসলাম। বাবার মৃত্যুর পর তিনি যুদ্ধে যোগ দেন।

সাজানো–গোছানো সচ্ছল একটা সংসার যুদ্ধে পুরো নিঃস্ব হয়ে গেল। তবে হাল ছাড়লেন না সুফিয়া নূর। পোড়া বাড়ি বাঁশের চাটাই দিয়ে ঘিরে সন্তানদের নিয়ে শুরু করলেন এক নতুন সংগ্রাম। নিজে খুব একটা পড়াশোনা করতে না পারলেও স্বামীর সঙ্গে দেশ-বিদেশ ঘুরে তিনি তত দিনে বুঝে গেছেন, পড়াশোনা ছাড়া গতি নেই। মেয়ে ও দুই ছেলের পড়াশোনার ওপর জোর দিলেন বেশি। যুদ্ধের পরের বছর দুই ছেলেকে বসালেন মাধ্যমিক পরীক্ষা দিতে। মেয়েকে বসালেন উচ্চমাধ্যমিক পরীক্ষার টেবিলে। সাফল্যের সঙ্গে পাস করলেন তাঁরা।

বাড়ির নিচতলা ভাড়া দিয়ে দিলেন। ভাড়া থেকে যে টাকা পেতেন, সন্তানদের মানুষ করার জন্য সেটা যথেষ্ট ছিল না। এগিয়ে এলেন সুফিয়া নূরের বাবা। গ্রামের জমিতে উৎপন্ন ধান ও ডালের বস্তা এনে দিয়ে যেতেন। নিজের বাসায় থাকা একটা জাল জেলেদের দিয়েছিলেন সুফিয়া। তাঁরা পদ্মায় মাছ ধরে তার কিছুটা ভাগ দিতেন জালের মালিককে। সেই মাছ দিয়েই সুফিয়া নূরের বাসায় রান্না হতো বেশির ভাগ সময়।

এভাবেই স্কুল–কলেজের পাঠ চুকিয়ে দুই ছেলে ভর্তি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। নাজমুল ইসলাম সমাজবিজ্ঞানে আর শামসুজ্জোহা অর্থনীতি বিভাগে। সেখান থেকেই স্নাতকোত্তর শেষ করেন তাঁরা। মেয়ে রেজয়ানা নূর স্নাতক শেষ করেন বাংলা বিভাগ থেকে। ছোট ছেলে শামসুজ্জোহা বলেন, ‘বাবার মৃত্যুর পর বড় ভাই যুদ্ধে চলে গেল, আমি রইলাম মায়ের কাছে। মাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। বাবার মৃত্যুতে সবচেয়ে কষ্ট পেলেন মা, অথচ আমাদের সামনে স্বাভাবিক থাকতে চেষ্টা করেছেন সব সময়। যুদ্ধের পর মা–বাবা দুই ভূমিকাতে থেকে আমাদের বড় করেছেন।’

পড়াশোনার পর দুই ছেলে ঢাকায় এসে চাকরি নিলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিলেন মেয়ে। এত দিনে সুফিয়া নূর যেন খানিকটা স্বস্তি পেলেন। ছেলেমেয়ের বিয়ে দিলেন। নাতি-নাতনিতে ভরে উঠল ঘর।

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ১৯৯১ সালে মারা যান সুফিয়া নূর।