পোড়া লুঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১২ বছর আগের ঘটনা। তখন আমার ছোট মেয়েটির বয়স ছিল পাঁচ বছর। ওর নাম কণা। আষাঢ় মাস। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল। অনেক ভেজা কাপড় ছিল। বারান্দায় ছড়িয়ে দিলাম। কণার আব্বুর লুঙ্গিটির আর জায়গা হলো না। কোথায় শুকাতে দেব। কাজের মেয়েটি বলল, ‘খালা, চুলার ওপর দিয়ে দড়ি বেঁধে শুকাতে দিই।’ বুদ্ধি মন্দ নয়। চুলার ওপর লুঙ্গি শুকাতে দিয়ে কণাকে গেলাম ঘুম পাড়াতে। একটু ঝিমুনি আসছিল। হঠাৎ দেখি, ঘরে কেমন একটা পোড়া গন্ধ। ধড়মড়িয়ে উঠে রান্নাঘরে গেলাম। আমার পিছু পিছু কণাও গেল। গিয়ে দেখি, পুরো লুঙ্গিটা পুড়ে ছাই হয়ে গেছে। কাজের মেয়েটি মেঝেতে শুয়ে ঘুমোচ্ছে। কী আর করব। সবকিছু পরিষ্কার করলাম। কণাকে শিখিয়ে রাখলাম, তোমার বাবা এলে বোলো না লুঙ্গি পোড়ার কথা। কণা বলল, আচ্ছা।রাত হলো। কণার বাবার আসার সময় হলো। কণার বাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কণা ওখানে গিয়ে হাজির। কণা বলল, ‘বাবা বাবা, আজ না আমাদের বাসায় কিছুই পোড়েনি।’ সঙ্গে সঙ্গে কণার বাবা বুঝে ফেলল, নিশ্চয়ই আজ বাসায় কিছু পুড়েছে। কণার বাবা কণাকে জিজ্ঞেস করল, ‘বাসায় আজ কী পুড়েছে?’ কণা বলল, ‘না বাবা, আজকে না বাসায় কোনো লুঙ্গি পোড়েনি।’ কণার বাবা শোয়ার ঘরে ঢুকে আমাকে জিজ্ঞেস করলেন, ‘আজ বাসায় কী পুড়েছে?’ আমি বললাম, ‘কই কিছু পোড়েনি তো।’ আমি কণার বাবাকে লুঙ্গি দিলাম। কণার বাবা বলল, ‘আমি সকালে যে লুঙ্গিটা রেখে গেছি, সেটা কই?’ তখন তো আর আমার মুখে কোনো ভাষা নেই। কণা তখন এসে আবারও বলল, ‘বাবা সত্যি আমাদের বাসায় আজ কোনো লুঙ্গি পোড়েনি।’ আমি তত্ক্ষণাৎ কণার গালে এক থাপড় দিলাম। কণা কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল। আমি কণার বাবাকে বললাম, ‘শিশুরা কখনো মিথ্যা বলে না। আমরা বড়রাই শিশুদের মিথ্যা বলতে বাধ্য করি।’শিরিন হকলালবাগ, ঢাকা।