পোড়ামাটির নান্দনিক কারিগর

আজ থেকে প্রায় ২৫ বছর আগের কথা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামের একটি প্রাচীন মন্দির থেকে টেরাকোটা খসে পড়ে যাচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। কিন্তু হারানো টেরাকোটা বানিয়ে দেবে কে? আপাতত একজন ‘পাল’ গোত্রের কোনো মৃৎশিল্পীর কথা চিন্তা করে তারা। প্রকৌশলী আবুল হাশেম উল্লাপাড়ায় এসে এ রকম একজন শিল্পীর খোঁজ করছিলেন। এ সময় স্থানীয় পোস্টমাস্টার প্রবীর বাবু বলেন, ‘মদন পাল ছাড়া এ কাজ কেউ করতে পারবে না।’ হাটিকুমরুলেই তাঁর বাড়ি।
প্রকৌশলী আবুল হাশেম পেয়েও যান মদন পালকে। কাজ বুঝিয়ে দেন, হারানো টেরাকোটা বানিয়ে দিতে হবে, ঠিক যেমনটি ছিল। মদন পালের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আছে শুধু স্বাক্ষরজ্ঞান। হাঁড়ি-পাতিল তৈরির পাশাপাশি মাটির খেলনা, পুতুল ইত্যাদি বানান। তিনি রাজি হয়ে গেলেন। মদন পালের হাতে হারানো সৌন্দর্য ফিরে পেল হাটিকুমরুলের ‘নবরত্ন মন্দির’। এরপর তাঁর ডাক পড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকৌশলী জাকির হোসেন চৌধুরী তাঁকে নিয়ে যান সেখানে। ভাঙ্গার পাথরাইল মসজিদের নষ্ট হয়ে যাওয়া টেরাকোটায় আগের রূপ ফিরিয়ে দেন মদন পাল।

তখন থেকেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জন্য অনিবার্য এই শিল্পী। মদন পাল স্বশিক্ষিত শিল্পী। বংশপরম্পরায় করছেন মৃৎশিল্পের কাজ। হৃদয় দিয়ে পড়ে নেন প্রাচীন টেরাকোটার নির্মাণশৈলী। বুঝে নেন প্রকৌশলীদের নির্দেশনা। এখন যেখানেই প্রাচীন স্থাপত্যের টেরাকোটা বিপন্ন হতে যাচ্ছে, সেখানেই ছুটতে হচ্ছে মদন পালকে। সারা বছর তাঁর এ ধরনের কাজ লেগেই থাকে। তিনি এখন প্রত্নতত্ত্ব বিভাগের দৈনিক মজুরিভিত্তিক একজন কর্মচারী। মাসে গড়ে প্রায় ২০ হাজার টাকা মজুরি পান তিনি।

মদন পালকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ আহমেদ। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকৌশলীরা দেশে-বিদেশে অনেক প্রশিক্ষণ নেন, কিন্তু হাতে-কলমে টেরাকোটা তৈরির কাজটি করেন মদন পাল। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত তত্ত্বীয় জ্ঞান মদন পালের মাথায় ঢোকাতে একদম সময় লাগে না। তাঁর বুদ্ধিমত্তা অসাধারণ।
স্থাপত্যকীর্তির ঐতিহ্য সম্পর্কে ফিরোজ আহমেদের বক্তব্য হচ্ছে, তাঁরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থাপনাটি যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় সেটাকে ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু মাঝখান থেকে টেরাকোটার কোনো একটি বা একাধিক খণ্ড হারিয়ে যায়, সেটি প্রতিস্থাপনের কাজ করে দেন মদন পাল। মদন পালের কয়েকটি অসাধারণ কাজের কথাও উল্লেখ করলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদের পাশে ধানিচক নামে আরেকটি মসজিদ রয়েছে। এই মসজিদের শুধু পশ্চিমের দেয়ালের অংশবিশেষ ছিল। ওইটুকু দেখেই মদন পাল পুরো মসজিদের প্রয়োজনীয় টেরাকোটার নকশা তৈরি করে দেন। একইভাবে যশোরের অভয়নগর গ্রামের এগারো শিবমন্দিরের সামনের সব টেরাকোটা হারিয়ে গিয়েছিল। মদন পাল সেগুলো তৈরি করে প্রতিস্থাপন করেছেন।

বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর মসজিদের প্রবেশমুখের টেরাকোটা মদন পাল পুনর্নির্মাণ করেন। এতে সুলতানি ও মোগল আমলের শিল্পরীতির মিশ্রণ ছিল। মোগল আমলের নকশাগুলো চুন-সুরকির প্লাস্টারে করা আর সুলতানি আমলেরগুলো টেরাকোটায় করা। দুই ধরনের কাজই মদন পাল করেছেন। রাজশাহীর বাঘা শাহী মসজিদের কাজও তিনি করেছেন।
মদন পাল এখন রয়েছেন রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে। রাজবাড়ির আঙিনায় ১০টি কারুকার্যময় মন্দির রয়েছে। এগুলো হচ্ছে দোলমন্দির, রথমন্দির, শিবমন্দির, কালীমন্দির, গোপালমন্দির, ছোট গোবিন্দমন্দির, বড় আহ্নিকমন্দির, ছোট শিবমন্দির, বড় গোবিন্দমন্দির, ছোট আহ্নিকমন্দির। ছোট গোবিন্দমন্দিরের প্রধান ফটকের ওপরে বাঁ পাশে রয়েছে রাম-রাবণ যুদ্ধের খণ্ডচিত্র আর ডানে রয়েছে রামায়ণ-মহাভারতের ইতিহাস নিয়ে তৈরি টেরাকোটার চিত্র। এর মাঝখানে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের চিত্র। এটি ২০০৭ সালের দিকে চুরি হয়ে যায়।

এ ছাড়া অন্যান্য মন্দিরের দেয়াল থেকেও হারিয়ে গেছে নান্দনিক ও মূল্যবান টেরাকোটা। মদন পাল কয়েক মাস ধরে রাজবাড়ির ভেতরে বসে বসে হারানো টেরাকোটা পুনর্নির্মাণ করছেন। প্রথমে নরম কাদার একটি ‘মডিউল’ তৈরি করছেন। তারপর ছোট্ট চাকু দিয়ে মাটির গায়ে ফুটিয়ে তুলছেন নকশা। একেবারে একাই। আশপাশে কেউ নেই। তবে মদন পাল নিঃসঙ্গ নন। তিনি যেন মাটির সঙ্গেই কথা বলছেন। মাটির ভেতর থেকেই আবিষ্কার করছেন মানুষের মুখ।
শুরুর গল্পটা শুনতে চাইলে মদন পাল বলেন, ‘আমার আত্মবিশ্বাস ছিল যে আমি পারব। নবরত্ন মন্দিরের প্রথম নকশা যখন তৈরি করি, আমার নিজেরই পছন্দ হলো না। ভেঙে ফেলি। নতুন করে বানাই। ঠিকমতো হলো তখন। কিন্তু পোড়ানোর সময় ভাটা তৈরি করতে ভুল করি। নষ্ট হলো সব। আবার বানালাম, আবার পোড়ালাম। তখন ঠিকঠাক হলো।’ সেই থেকে শুরু মদন পালের। ২৫ বছর ধরে এ কাজই করে যাচ্ছেন।

মদন পালের বয়স এখন ৫৯ বছর। তিন মেয়ে ও এক ছেলের বাবা তিনি। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে অষ্টম শ্রেণিতে পড়ছে। বড় মেয়ে প্রতিবন্ধী। বাড়িতেই রয়েছে। মদন পালের বাবা গৌচন্দ্র পাল হাঁড়ি-পাতিল তৈরির কাজ করতেন। বাবার কাছেই তাঁর হাতে খড়ি।
এ কাজে ডুবে থাকতে মদন খুব আনন্দ পান। মুঠোফোনে গান ছেড়ে দিয়ে কাজ করেন। বাড়ি যান কয়েক মাস পরপর। স্ত্রীকে বিকাশে টাকা পাঠান। কাদামাটি পোড়ামাটির টানে কাজ করে যান একমনে।