
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সাতকানিয়া পৌর এলাকায়। সড়কের পাশের ময়লা-আবর্জনা বৃষ্টির পানিতে মিশে কাদাজলে পরিণত হয়েছে। এসব কাদাজলের দুর্গন্ধে একদিকে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে, অন্যদিকে চলাচলে ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।
সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকা এবং সড়কের পাশে প্রয়োজনীয় নালা-নর্দমার অভাবে পানি নিষ্কাশন বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার সাতকানিয়া-বাঁশখালী সড়কের সতীপাড়া, স্টেশন রোড, ডলু সেতুর পূর্ব পাশের এলাকা, আদালত সড়ক, মুচিপট্টি সড়ক, জামে মসজিদ মোড়, কানু পুকুরপাড়, থানা সড়ক, ডলু সেতু-ছমদরপাড়া সড়ক, কলেজ রোড, ডাকবাংলোর সামনে ও উপজেলা সদর এলাকায় জলাবদ্ধ অবস্থা বিরাজ করছে। এলাকার লোকজন জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে এ রকম জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমসহ বিভিন্ন সময়ে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার সড়কগুলোয় পানি নিষ্কাশনের মতো নালা-নর্দমা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয় বলে তাঁরা মন্তব্য করেন।
পৌর এলাকার সতীপাড়ার বাসিন্দা মো. আবদুল হান্নান ও স্থানীয় জামে মসজিদ মোড় এলাকার ব্যবসায়ী মো. মাসুদুল করিম জানান, প্রয়োজনীয় নালা-নর্দমা না থাকায় সদর এলাকা থেকে বৃষ্টির পানি সরতে পারে না। প্রশাসনের লোকজন ও জনপ্রতিনিধিরা এসব সড়ক দিয়ে নিয়মিত চলাচল করলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সড়কের পাশে পরিকল্পিত নালা তৈরি ও সড়কের খানাখন্দগুলো ভরাট না করলে অবস্থা দিন দিন খারাপ হবে বলে তাঁরা মন্তব্য করেন।
পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মোর্শেদ বলেন, ‘মেয়রের সঙ্গে বসে আমরা জলাবদ্ধতার বিষয়ে আলোচনা করেছি। যেসব সড়কে গর্ত ও জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেসব সড়কে অগ্রাধিকার ভিত্তিতে গর্ত ভরাট এবং নালা-নর্দমা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’
বিষয়টির স্বীকার করে পৌর সভার মেয়র মোহাম্মদুর রহমান প্রথম আলো কে বলেন, ‘ডলু সেতু থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত নালা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চিন্তাভাবনা করছি, পৌর শহরকে কীভাবে জলাবদ্ধতামুক্ত রাখা যায়।’ মেয়র আরও বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ করার সময় নালা-নর্দমার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। এখন এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন হবে।