পৌর এলাকার চার সড়ক আবর্জনার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া পৌর এলাকার চারটি অভ্যন্তরীণ সড়ক ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে একাকার হয়ে এসব ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে চারদিকে। এতে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা।

৩ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, চকরিয়া বালিকা উচ্চবিদ্যালয় সড়ক ও পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে কাঁচা বাজারের নষ্ট তরিতরকারি ফেলে রাখা হয়েছে। এসব আবর্জনার পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীরা চলাচল করছেন নাকে রুমাল দিয়ে। একই চিত্র দেখা গেছে নিউ মার্কেট-ওয়াপদা সড়ক ও বিদ্যাপীঠ সড়কেও।

এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, স্থানীয় কাঁচা বাজারের ব্যবসায়ীরা বালিকা বিদ্যালয় সড়ক ও পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে প্রতিদিনের নষ্ট তরিতরকারিসহ বিভিন্ন রকমের আবর্জনা ফেলেন। ডাস্টবিন না থাকায় স্থানীয় লোকজনও আবর্জনা ফেলেন সড়কের পাশে। এতে এ সড়কে চলাচলকারী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। কয়েক বছর ধরে এ অবস্থা বিরাজ করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নিরিবিলি আবাসিক এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, পাইলট উচ্চবিদ্যালয় সড়কের চৌরাস্তার মাথায় একটি ডাস্টবিন ছিল। কয়েক মাস আগে সেটি ভেঙে যাওয়ার পর নতুন ডাস্টবিন তৈরি করা হয়নি। ফলে এলাকার লোকজন বাড়ির ময়লা-আবর্জনাও খোলা জায়গায় ফেলছেন। বৃষ্টি হলে এসব আবর্জনা পানির সঙ্গে মিশে সড়কসহ আশপাশের বাড়িঘর ও দোকান-পাটের আঙিনায় ছড়িয়ে পড়ে। একই রকম অভিযোগ ব্যবসায়ী মোহাম্মদ সোহেলেরও।

 স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিষ্ঠার এক যুগ পর গত বছর চকরিয়া পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। আর প্রথম শ্রেণীর পৌরসভার প্রধান কাজ হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে পৌর এলাকাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করা। কিন্তু এখানকার প্রধান সড়কগুলোর আবর্জনা প্রতিদিন পরিষ্কার করা হলেও অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা শোচনীয়।

জানতে চাইলে চকরিয়া পৌরসভার সচিব নূর মোহাম্মদ চৌধুরী বলেন, শহরের সৌন্দর্য রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন কাজ করছেন। তাঁর দাবি, কোনো সড়কে একদিনের বেশি ময়লা জমে থাকে না। সংশ্লিষ্ট এলাকা থেকে রাতের বেলা ময়লা অপসারণ করা হয়। তিনি জানান, পাইলট উচ্চবিদ্যালয় সড়কের চৌরাস্তার মোড়ে একটি ডাস্টবিন নির্মাণ করেছিল পৌর কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয় লোকজন ডাস্টবিনের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে অভিযোগ করায় সেটি ভেঙে ফেলা হয়েছে।