ফেনীর পরশুরাম পৌর এলাকার মুক্তিযোদ্ধাদের এখন থেকে গৃহকর দিতে হবে না। পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী পৌর এলাকায় বসবাসরত ৮৭ জন মুক্তিযোদ্ধার গৃহকর মওকুফ করে দিয়েছেন। চলতি বছর থেকে এ ঘোষণা কার্যকর হবে। বিজয় দিবস উপলক্ষে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মেয়র এই কর মওকুফের ঘোষণা দেন। সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধারা মেয়রের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার জানান, ‘মেয়র নিজাম উদ্দিন চৌধুরী পৌর এলাকায় বসবাসরত ৮৭ জন মুক্তিযোদ্ধার গৃহকর মওকুফ করে দিয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত।’ তিনি জানান, মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে ৮৭ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা ইতিমধ্যে মেয়রের কাছে দেওয়া হয়েছে। মেয়র নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘পৌর এলাকার সব মুক্তিযোদ্ধার গৃহকর মওকুফ করা হয়েছে। চলতি বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’ তিনি জানান, তাঁদের বকেয়া করের ব্যাপারে পৌর পরিষদের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।