পৌর নির্বাচন স্থগিত হওয়ায় হতাশ ফটিকছড়িবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থীদের প্রচার-প্রচারণা যখন তুঙ্গে, তখনই স্থগিত হলো ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। ভোটার তালিকা হালনাগাদ করার জন্য দুজন প্রার্থী হাইকোর্টে রিট করলে আদালত রিটকারীদের পক্ষে রায় দিয়ে নির্বাচন স্থগিত করে। পাশাপাশি সাত দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরুর নির্দেশ দেয় নির্বাচন কমিশনকে। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর নির্বাচন কমিশন গত সোমবার নির্বাচন স্থগিত করে। কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থগিতের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানো হয়।ভোটার তালিকা হালনাগাদের কাজ কবে শুরু হবে এমন প্রশ্ন করা হলে ফটিকছড়ির নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবরের মধ্যে বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করবেন তথ্য সংগ্রহকারীরা। ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ছবি তোলার কাজ চলবে। এরপর নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ ঘোষণা করবেন।’গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রায় সব প্রস্তুতিই শেষ হয়েছিল। শেষ সময়ে নির্বাচন কয়েক মাস পিছিয়ে যাওয়ায় প্রার্থী ও ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।গত মঙ্গলবার পৌরসদরে নির্বাচন স্থগিতের প্রতিবাদে সমাবেশ করেন বেশ কয়েকজন প্রার্থী। এতে কয়েক শ লোক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানান।মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়া এম সিরাজুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হতো। কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করে একটি মহল জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।উল্লেখ্য, রাঙামাটিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস রায়হান ও ধুরুং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নুরুল আলম গত ২৬ আগস্ট হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন। ১০ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত সাত দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের আদেশ দেয়। এই আদেশের পরিপ্রেক্ষিতে কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করে।আদালতে রিট মামলা দায়েরকারী মো. ইদ্রিস রায়হান বলেন, নতুন প্রজন্মের প্রায় পাঁচ হাজার ভোটারের কথা ভেবে রিট করেছি। ভোটার হালনাগাদ করে নির্বাচন দিলে তাঁদের মতামতের প্রতিফলন ঘটবে।এদিকে ভোটার তালিকা হালনাগাদের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তরুণ প্রজন্মের অনেকেই। আমান বাজারের ব্যবসায়ী মো. জাফর ২২ এবার ভোটার হবেন। তিনি বলেন, নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নির্বাচন দিলে নির্বাচনে তরুণদের মতামত প্রতিফলিত হবে।উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, আদালতের রায়ে নির্বাচন স্থগিত হওয়ায় পৌরবাসী ব্যথিত হয়েছেন। নির্বাচনের অনেক কাজ সম্পন্ন হয়েছিল। এখন প্রথম থেকে আবার সব শুরু করতে হবে।