ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন ১২ জুন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর নয় হাজার ৫৬ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু তাহের চৌধুরী পেয়েছেন তিন হাজার ৩০৮ ভোট।নির্বাচনে আওয়ামী ঘরানার ছয়জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। দলীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোটে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুককে দলীয় সমর্থন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু কেউ তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ছাত্রলীগ নেতা-কর্মীরা দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে নামলেও আওয়ামী লীগ নেতা-কর্মীরা নিজেদের পছন্দের প্রার্থী নিয়ে মাঠে নামেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আলমগীর নয় হাজার ৫৬ ভোট পান। অপর দিকে আওয়ামী লীগের ছয় প্রার্থীর মধ্যে আবু তাহের চৌধুরী তিন হাজার ৩০৮ ভোট, আবুল হাসেম চীেধুরী দুই হাজার ৮৮৩ ভোট, ওমর ফারুক এক হাজার ৭৭২ ভোট, আবুল খায়ের মজুমদার ২৩৬ ভোট, জিয়া হায়দার ১৩৭ ভোট এবং মো. মোস্তফা ৬০ ভোট পেয়েছেন।কাউন্সিলর পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন—সামছুল হক, খালেদ মোশারফ চৌধুরী ওরফে সমর, সৈয়দ আবদুল হাদি, নুরুল আলম মজুমদার, মো. ইউসুফ মজুমদার, নূর হোসেন, আবদুল হালিম চৌধুরী, সলিম উল্যাহ্ ভূঁইয়া ওরফে হুমায়ুন, আলীম উল্যাহ্, সংরক্ষিত মহিলা আসনে মমতাজ বেগম, মোর্শেদা আক্তার ওরফে শিল্পী ও শাহেনা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।