বহু প্রতীক্ষিত রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার তফসিল ঘোষণার পর তৎপর হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। এখন ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে কৌশলে প্রচারণা চালাচ্ছেন। আগামী ৮ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, আগে সীমানা জটিলতা নিয়ে উগলছড়ি গ্রামের অনিল বিহারী চাকমার দায়ের করা একটি মামলা কারণে এতদিন আটকে ছিল নির্বাচন। পরবর্তী সময়ে সীমানা জরিপ করার পর মামলাটি প্রত্যাহার করা হয়। ২০০৪ সালের ৩০ ডিসেম্বর চারদলীয় জোট সরকারের সময় তৎকালীন উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান বাঘাইছড়ি পৌরসভা উদ্বোধন করেন। নির্বাচন না হওয়ায় এখনো পৌরসভায় নিজস্ব ভবন হয়নি। পদাধিকারবলে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। পৌর এলাকার লোকজন জানান, সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জমির উদ্দিন, রাঙামাটি জেলা কমিটির সদস্য মো. জাফর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি কাজী মো. মুন্সি মিয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম বাহারী, সদস্য সজল কান্তি চাকমা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর কবির ও স্বতন্ত্র প্রার্থী মারিশ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুর রহমান।