পৌর নির্বাচনের স্পেশাল নিউজ
সুধীমণ্ডলী, পৌর নির্বাচনের স্পেশাল নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি।প্রথমেই ডিজিটাল উসকানির খবর! সোনাপুরের সোনা মিয়া তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রুপা মিয়াকে ফেসবুকে ‘পোক’ করায় এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনই সেখানে বিপুল পরিমাণ ক্যাডারের সমাবেশ ঘটান। ‘ফেসবুকে সম্মানিত ব্যক্তিদের পোক করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না’—এ মর্মে জানতে চেয়ে রুপা মিয়া প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন।ভোট-ব্যবস্থায় ‘সার্কিট ব্রেকার’ আরোপের দাবি করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একদল সুশীল নাগরিক। তাদের প্রস্তাবিত পদ্ধতিতে বলা হয়েছে, কোনো পৌরসভায় পাঁচ হাজারের কম ভোটে মেয়র নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকলে ভোটের ফলাফল প্রকাশ অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং ‘রাজনৈতিক’ পৌরসভাটি ‘ইউনিয়ন পরিষদে’ রূপান্তরিত হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ‘মশাল মিছিল’ করেছেন জনৈক স্বতন্ত্র প্রার্থী। কিন্তু তাঁর বক্তব্য অনুযায়ী, শীতের রাতে কয়েকজন কাছের মানুষ নিয়ে তিনি আগুন পোহাচ্ছিলেন! ‘মশাল’-এর ‘মশা’ও তাঁদের সঙ্গে ছিল না বলে তিনি জানিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুদক বীর শাব্বিরকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক। যুবকের দাবি, সরকার ভোটে কারচুপি রোধে আদৌ পদক্ষেপ নিয়েছে কি না তা দেখার জন্য ইচ্ছাকৃতভাবেই সে এটা করেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধী যে উদ্দেশ্যেই অপরাধ করুক না কেন, তাতে বাদ্যসহ তুড়ি বাজানোর কিছু নেই। তাদের লাল দালানে আপ্যায়িত হতেই হবে!‘ঢাকায় নির্বাচন দিয়ে দেখুন, তাহলেই টের পাবেন ভাটার টানের বেগ কত!’ এই রাজনৈতিক বক্তব্যকে ভিত্তি করে ঢাকায় হাজির হয়েছিলেন নাসার একদল বিজ্ঞানী। কিন্তু তাঁরা এখন পর্যন্ত ঢাকায় জোয়ার-ভাটার কোনো সন্ধান না পেয়ে ‘ভাটার টানের বেগ’ নির্ণয়ের বিশেষ যন্ত্র ‘ভেলোস্কোপ’ নাসাতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। বৈশ্বিক উষ্ণতার ফলে ভবিষ্যতে ঢাকায় জোয়ার-ভাটা হওয়ার সম্ভাবনাকে একদম বোমা মেরে উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক বুদ্ধিজীবী মহল। দেশে এই প্রথমবারের মতো পৌর নির্বাচনের ওপর মোবাইল ফিল্ম নির্মাণ করেছে একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান। ছবির নাম মনের মতো মেয়র। নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি এবং পরে প্রতিশ্রুতি পালন করতে না পারায় মানসিক দ্বন্দ্বে জর্জরিত একজন মেয়রের করুণ আর্তনাদ ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছে এই ফিল্মে। পৌর নির্বাচনের স্পেশাল নিউজ এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে বলে যাই, ‘যোগ্য প্রার্থীকে ভোট দিন, মাকে বাঁচান’!