পৌরসভা-বাড়ির মালিক দ্বন্দ্বে বন্ধ সড়কের উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে এক বাড়ির মালিকের দ্বন্দ্বে বন্ধ হয়ে আছে একটি সংযোগ সড়কের সংস্কারকাজ। ফলে ওই সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত জুন মাসে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বায়তুশ শরফ জামে মসজিদ থেকে চিরিঙ্গা স্টেশনপাড়া সংযোগ সড়কের সংস্কারকাজ শুরু হয়। কাজ চলে প্রায় এক মাস। কিন্তু বিপত্তি বাধে সড়কের পাশের বাসিন্দা সিরাজুল ইসলামকে নিয়ে। এখন তাঁর বাড়ির সামনে এসে কাজ আটকে আছে। কারণ, নালা নির্মাণের জন্য সিরাজুল ইসলাম জায়গা ছাড়তে রাজি হচ্ছেন না। ২১৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের সড়কটি সংস্কারের জন্য ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় প্রায় ১৫ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, সংস্কারকাজ বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে সড়কের ওপর কচুরিপনা ও শেওলা জন্মেছে। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে ওই সড়কে। কাদায় হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।
এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, সংস্কারের সময় নালা নির্মাণ করা না হলে সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যাবে। নালা নির্মাণসহ সড়ক সংস্কার করতে গেলে সিরাজুল ইসলামকে কিছু জায়গা সড়কের জন্য ছেড়ে দিতে হবে। এ জন্য তাকে দুইবার নোটিশও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জায়গা না ছাড়ায় সড়কের উন্নয়নকাজ বন্ধ রয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, ‘জায়গাগুলো আমার খতিয়ানভুক্ত। ২০০১ সালেও সড়কের জন্য কিছু জায়গা ছেড়ে দিয়েছিলাম। এখন আবারও আমার কাছ থেকে জায়গা চাওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, সড়কটি সংস্কারে সদিচ্ছা থাকলে, এখন যতটুকু জায়গা রয়েছে, তাতেই নালা নির্মাণসহ সড়কটি সংস্কার করা যাবে। কিন্তু আমি কেন জায়গা ছেড়ে দিচ্ছি না, সেদিকে তাকিয়ে থেকে সড়কের উন্নয়নকাজ বন্ধ রাখা হয়েছে। এতে এলাকার লোকজনকে ইচ্ছা করেই দুর্ভোগে ফেলেছে পৌর কর্তৃপক্ষ।’
জানতে চাইলে চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, সড়ক সংস্কারের সুবিধার্থে সিরাজুল ইসলামকে কিছু জায়গা ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি জায়গা ছাড়তে রাজি হচ্ছেন না। উন্নয়নকাজ কখন শুরু করবেন এ প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘দেখি সিরাজুল ইসলামের সঙ্গে বৈঠকে বসে কী সিদ্ধান্ত নেওয়া যায়। তবে যেকোনোভাবে বাকি কাজ শেষ করা হবে।’