শহরের অবকাঠামো উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করেছে রাঙামাটি পৌরসভা। কিন্তু উন্নয়নকাজে আপত্তি জানিয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছে জেলা আওয়ামী লীগ। দলটির যুক্তি, এই মুহূর্তে শহরের উন্নয়নকাজ হলে আসছে পৌর নির্বাচনে সুবিধা পাবেন বর্তমান মেয়র ও কাউন্সিলররা।
রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে ১৫ কোটি ৭৬ লাখ টাকার উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করে পৌরসভা। দরপত্র প্রকাশিত হওয়ার দিনই দলীয় প্যাডে উন্নয়নকাজের আপত্তি জানিয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরের স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনের আগে পৌরসভার মেয়র ও কাউন্সিলররা বা অন্য কোনো পদাধিকারী সংশ্লিষ্ট পৌরসভা এলাকায় উন্নয়ন প্রকল্প অনুমোদন ও প্রকল্পে অর্থ বরাদ্দ করতে পারবেন না। দলের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানানো হয়। এই চিঠির একটি অনুলিপি জেলা নির্বাচন কমিশন কার্যালয়েও পাঠানো হয়।
চিঠি পাঠানোর ঘটনার প্রতিক্রিয়া জানাতে ৯ নভেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তঁারা বলেন, রাঙামাটি শহরের এই উন্নয়নকাজ হচ্ছে আন্তর্জাতিক সংস্থার টাকায়। শর্ত অনুযায়ী ঠিক সময়ে উন্নয়নকাজ শুরু করা না গেলে টাকা ফেরত যাবে। এতে উন্নয়নবঞ্চিত হবে রাঙামাটিবাসী।
রাঙামাটির মেয়র সাইফুল ইসলাম চৌধুরী জানান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সাহায্য সংস্থা ওএফআইডি নগরের নালা-নর্দমা ও রাস্তাঘাট উন্নয়নে ৯৯ কোটি টাকা সাহায্য দিচ্ছে। গত বছরের জুন মাসে রাঙামাটির এলজিইডির সঙ্গে এ বিষয়ে সংস্থা দুটির চুক্তি হয়। এই প্রকল্পের প্রথম কিস্তির ১৫ কোটি ৭৪ লাখ টাকা এ মাসের শুরুর দিকে ছাড় করা হয়। শর্ত অনুযায়ী টাকা বরাদ্দের সাত দিনের মধ্যে দরপত্র–পক্রিয়া শেষ করার কথা। এখন আওয়ামী লীগের আপত্তিতে বিষয়টি ঝুলে যেতে পারে বলে পৌরসভার মেয়র-কাউন্সিলরদের আশঙ্কা।
মেয়র সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘এখানে আমার কোনো স্বার্থ নেই। আমি নির্বাচনও করব না। প্রকল্পের শর্ত অনুযায়ী উন্নয়নকাজের বরাদ্দ পাওয়ার এক সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করতে হবে। সেই অনুযায়ী পৌর পরিষদ দরপত্র আহ্বান করেছে। দরপত্র আহ্বান করা না হলে প্রকল্পের বরাদ্দ ফেরত যাবে। এতে পৌরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, কয়েক দিনের মধ্যে তফসিল ঘোষিত হবে। এ সময় দরপত্র আহ্বান করা হয়েছে ভোটারদের প্রভাবিত করতে। বর্তমান মেয়র নির্বাচন না করলেও তাঁর দলের প্রার্থী সুবিধা পাবেন। তাই এ দরপত্র কার্যক্রম বন্ধ করা উচিত।
আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর শিবু প্রসাদ ঘোষ, ধীরেন্দ্র লাল চাকমা ও রোখসানা বেগমও দলের এই আপত্তির সমালোচনা করেছেন। তাঁরা বলেন, কোন উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে তা আমাদের বোধগম্য নয়।
তাছাড়া এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। আইনে তফসিল ঘোষণার পর উন্নয়ন বরাদ্দ করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
এ ব্যাপারে রাঙামাটির জেলা প্রশাসক শামসুল আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠি পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন.‘আইন অনুযায়ী যা হয় আমরা তাই করব ।’
তবে নির্বাচন কমিশন চট্টগ্রামের আঞ্চলিক কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে উন্নয়ন কাজ চালাতে কোনো বাঁধা নেই। পৌরসভা নির্বাচনের আরচরণ বিধিমালায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনের তফসলি ঘোষণা থেকে ভোট গ্রাহণ করা পর্যন্ত উন্নয়ন কার্যক্রম চানানো যাবে না।