কক্সবাজারের চকরিয়া পৌরসভা প্রথম শ্রেণীর মর্যাদা পেয়েছে। কিন্তু মর্যাদা অনুযায়ী সুযোগ-সুবিধা নেই। রাস্তাঘাট বেশির ভাগই কাঁচা। সড়কবাতি নেই বললেই চলে। পৌরসভা হওয়ার ১৫ বছরে পৌরবাসীর প্রাপ্তি-প্রত্যাশার ফারাক বেড়ে চলেছে। গত ২৭ জানুয়ারি চকরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মেয়র জাফর আলমকে হারিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম হায়দার মেয়র নির্বাচিত হন। আগামী পাঁচ বছর তিনি পৌর পরিষদ কীভাবে চালাবেন, পরিকল্পনা কী—এসব বিষয়ে কথা হয় তাঁর সঙ্গে। মেয়র প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার উন্নয়নকার্যক্রম ও পরিষদ চালানোর জন্য আমি দলমতের ঊর্ধ্বে থেকে সবার সহযোগিতা নেব। রাস্তাঘাট, নর্দমা, সেতুসহ সার্বিক উন্নয়নে কোনো রকম বৈষম্য করা হবে না। তবে আগের পৌর পরিষদ ৮ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তাঘাটের উন্নয়নে হাত দেয়নি। তাই এবার অবহেলিত এলাকার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’নবনির্বাচিত মেয়র হায়দার বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও পৌর শহর চিরিঙ্গা মাতামুহুরী নদীর ভাঙন থেকে রক্ষার জন্য শহর রক্ষা বাঁধের সংস্কার এবং নদীতে সিসি ব্লক ফেলার উদ্যোগ নেব। পৌর এলাকার বাটাখালী, চিরিঙ্গা, কোচপাড়া, হাসপাতালপাড়া, সবুজবাগ, হালকাকারা, থানা সেন্টার, মগবাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি জানান, পৌর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন। বিচারপ্রার্থী লোকজন যাতে ন্যায়বিচার পান এবং হয়রানির শিকার না হন সে ব্যাপারে দৃষ্টি রাখা হবে। এ ছাড়া পৌরবাসীর বিভিন্ন নাগরিক সুবিধা যাতে দ্রুত পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং বেকারদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যাপারে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।