১৬ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে চন্দনাইশ পৌরসভা কর্তৃপক্ষ। গত ২৭ জুন দুপুরে পৌরসভা মিলনায়তনে ২০১৩-১৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব কুতুবী।বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। সরকারি অনুদান ধরা হয়েছে এক কোটি ৮৫ লাখ টাকা, বাংলাদেশ পৌর উন্নয়ন তহবিলের (বিএমডিএফ) অনুদান ১১ কোটি টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো প্রকল্পের অনুদান এক কোটি টাকা এবং পৌর মার্কেট নির্মাণ থেকে আয় ধরা হয়েছে এক কোটি টাকা।বাজেটে সর্বোচ্চ সাত কোটি ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে রাস্তাঘাট নির্মাণে। এ ছাড়া নালা-নর্দমা নির্মাণে দুই কোটি ১৫ লাখ টাকা, হাটবাজারের উন্নয়নে দুই কোটি ১০ লাখ টাকা, পৌর মার্কেট নির্মাণে এক কোটি ২০ লাখ টাকা, মিলনায়তন নির্মাণে এক কোটি ৩০ লাখ টাকা ও স্যানিটেশনের জন্য ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা।