কক্সবাজারের মহেশখালী পৌরসভার গুরুত্বপূর্ণ ১১টি উন্নয়ন প্রকল্পের কাজ না করে সংশ্লিষ্ট কাজের নিয়োগপ্রাপ্ত ঠিকাদারেরা প্রায় ৮২ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব প্রকল্পের বিপরীতে উত্তোলিত টাকা আত্মসাতের বিষয়ে তদন্ত ও পরিমাপ করতে গত বছরের ১৬ আগস্ট পৌর মেয়র মকছুদ মিয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি আবেদন জানিয়ে কোনো সাড়া পাননি। পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালী পৌরসভার জনগুরুত্বপূর্ণ ১১টি উন্নয়ন প্রকল্পের জন্য ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে প্রায় এক কোটি টাকা বরাদ্দ পাওয়া যায় এবং সে অনুযায়ী দরপত্রও আহ্বান করা হয়। কিন্তু ১১টি উন্নয়ন প্রকল্পের পুরো কাজ শেষ না করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা প্রায় ৮২ লাখ টাকা উঠিয়ে নেন।গত শুক্রবার সরেজমিন গিয়ে দেখা গেছে, গোরকঘাটা চাউল বাজার সড়কের ইটের খোয়াগুলো (মেকাডমগুলো) উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। এই সড়কের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার পুরো কাজ শেষ না করে তিন বছর আগে পালিয়ে যান। অথচ তাঁর গোরকঘাটা চাউল বাজার সড়ক কার্পেটিংসহ ও আলিসান রোডের ক্রস ড্রেইন নির্মাণ ও সাবেক ইউনিয়ন পরিষদ হতে গোরকঘাটা মাদ্রাসা পর্যন্ত কার্পেটিং করার কথা ছিল। গোরকঘাটা বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, তিন বছর আগে চাউল বাজার সড়ক কার্পেটিং করার জন্য মেকাডম করা হয়। এরপর আর খবর নেই। দুটি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাদশাহ মিয়া বলেন, ‘আমি পৌরসভায় কোনো উন্নয়নমূলক প্রকল্পের কাজ করিনি। আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কে বা কারা দুইটি প্রকল্পের ১২ লাখ টাকা তুলে নেন। এ নিয়ে আমি নিজেই উদ্বিগ্ন।’ বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে বলে তিনি জানান। এদিকে টাকা আত্মসাতের অভিযোগ এনে পৌরসভা বাদী হয়ে এসব ঠিকাদারের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।এদিকে ১১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে ওঠানো ৮২ লাখ টাকা আত্মসাতের বিষয়ে তদন্ত করার জন্য গত বছর ১৬ আগস্ট পৌর মেয়র মকছুদ মিয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি আবেদন করে। আবেদনে পৌর মেয়র মকছুদ মিয়া উল্লেখ করেন, ‘কাজ না করে ১১টি প্রকল্পের বিপরীতে ওঠানো ৮২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। পুরো কাজ শেষ করে পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী পৌরসভার সচিব মোহাম্মদ সামছুদ্দিন বলেন, এ নিয়ে তদন্ত ও পরিমাপের জন্য গত বছরের ১৬ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন জানানো হয়। কিন্তু ছয় মাস অতিবাহিত হলেও মন্ত্রণালয়ের কাছ থেকে সাড়া মেলেনি। এদিকে জনগুরুত্বপূর্ণ এসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন না হওয়ায় জরাজীর্ন সড়ক দিয়ে যাতায়াতের সময় পৌর নাগরিকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।