ফেনীর পরশুরাম পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের জন্য ১৭ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ জুন পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে আয়ের খাত হিসেবে উন্নয়ন প্রকল্পসহ সরকারি অনুদান ধরা হয়েছে ১৪ কোটি দুই লাখ ৬০ হাজার টাকা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্প থেকে দুই কোটি ৫০ হাজার টাকা এবং বিভিন্ন খাতে কর, ফিস ও মূলধন থেকে আয় দেখানো হয়েছে এক কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা।
বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ১৪ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া সংস্থাপন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও সমাপনী জের হিসেবে দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমেদ খান, ভাইস চেয়ারম্যান আলী আকবর ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা রাশেদা, পৌর কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।