পৌরসভায় ভাঙা সেতু ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজী পৌরসভার মোস্তফা কমিশনার সড়কের ডাঙগি খালের ওপর সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি সেতুর কয়েকটি স্থান ভেঙে খালে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে এ সেতু দিয়ে যাতায়াতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন মোস্তফা কমিশনার সড়কের ডাঙগি খালের ওপর ১৯৯৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। এ সেতু দিয়ে পৌর এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য জায়গায় যাতায়াত করতেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেয়। এ ছাড়া, বিভিন্ন সময় যানবাহনের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে যায়। সম্প্রতি মূল সেতুর একাংশের ইট-সুরকির ঢালাই ভেঙে খালের ভেতর পড়ে যায়। ফলে রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. আবদুস সালাম বলেন, এ সড়কে প্রায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। তবুও পৌর সদরে যাতায়াতের জন্য বিকল্প কোনো রাস্তা না থাকায় সংশ্লিষ্ট সবাই বাধ্য হয়ে ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।ওয়ার্ড কাউন্সিলর শেখ আবদুল হালিম বলেন, ‘সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এটি সংস্কার না করে নতুন করে নির্মাণের জন্য আমি পৌর মেয়রকে অনুরোধ জানিয়েছি।’পৌরসভার সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘আমরা এরই মধ্যে সেতুটি পরিদর্শন করেছি। অর্থ বরাদ্দ সাপেক্ষ এটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।’পৌরসভার মেয়র জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিম্নমানের উপকরণ ব্যবহার করায় সেতুটি অল্প দিনের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আশা করছি শিগগির দরপত্র আহ্বান করে এটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।’