২০০৩ সালে পৌরসভা ঘোষণার পর থেকে যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করছে পৌর কর্তৃপক্ষ। দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হলেও সে অনুযায়ী উন্নয়ন বরাদ্দ কম‘ভাঙা সড়ক মেরামতের জন্য অনেক বার ধরনা দিয়েছি মেয়রের কাছে, কোনো কাজ হয়নি। পেয়েছি শুধুই আশ্বাস। শেষ পর্যন্ত নিজেরাই রাস্তায় মাটি দিয়ে কোনো রকমে হাঁটাচলা করছি। সড়ক মেরামতের কোনো লক্ষণ এখনো দেখছি না। বর্ষা এলে কী যে হবে ভাবতে পারছি না।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর চরপাড়া ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী আবুল কাশেম (৬০)। চরপাড়ার মতো ভাঙা সড়কের কষ্ট পৌর এলাকার ১, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডেও। এখানকার সবকটি সড়কই ভাঙাচোরা।স্থানীয় লোকজনের অভিযোগ, মেয়র মোহাম্মদুর রহমান নিজের ওয়ার্ডে উন্নয়নকাজ করেছেন বেশি। সেখানে পাড়ার সড়কগুলোও পাকা। তিনি দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর অন্যান্য ওয়ার্ডে নজর দিচ্ছেন কম। উন্নয়নের এই বৈষম্যের কারণেই মানুষ কষ্ট পাচ্ছে। সামনের বর্ষা মৌসুমের আগে সড়ক মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।৬ নম্বর চরপাড়া ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আলম বলেন, ‘দুই বছর ধরে আমার ওয়ার্ডের মূল সড়ক থেকে শুরু করে অভ্যন্তরীণ সড়কগুলোর অনেক অংশে ইট-সুরকি উঠে গিয়ে চিহ্ন পর্যন্ত নেই। অথচ এখনো এক টাকাও বরাদ্দ হয়নি। শেষে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কোনো রকমে চলাচলের জন্য নিজেরা সড়ক মেরামত করেছি। অথচ আমাদের পাশে মেয়রের নিজের ওয়ার্ড ছিটুয়াপাড়ার সব সড়ক ঝকঝকে তকতকে।’সরেজমিনে দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডের রামপুর থেকে বায়তুশ শরফ, ৩ নম্বর ওয়ার্ডের আদালত ও মুচিপট্টি সড়ক, ৬ নম্বর ওয়ার্ডের আলীয়া মাদ্রাসা থেকে কলেজ ও মোজাফফর মোক্তার সড়ক, ৭ নম্বর ওয়ার্ডের ঘাটঘর সড়ক এবং ৯ নম্বর ওয়ার্ডের কলেজ-সমদিয়া পুকুরপাড় ও সৈয়দাবাদ সড়ক খানাখন্দে ভরা। গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। কিছু স্থানে পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। মূল এসব সড়ক ছাড়াও বেশির ভাগ ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কও চলাচলের অনুপযোগী। ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইকবাল (২৮) জানান, সড়কগুলো বর্ষার আগে যদি মেরামত করা না হয় তাহলে কষ্টের সীমা থাকবে না। বৃষ্টিতে সড়কগুলোতে কাদা জমবে হাঁটুসমান।পৌরসভা সূত্র জানায়, ২০০৩ সালে পৌরসভা ঘোষণার পর থেকে যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করছে পৌর কর্তৃপক্ষ। দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হলেও সে অনুযায়ী উন্নয়ন বরাদ্দ কম। কর আদায় পরিস্থিতিও সন্তোষজনক নয়। ফলে নিজস্ব তহবিলও দুর্বল। তবে বাংলাদেশ পৌর উন্নয়ন তহবিল (বিএমডিএফ) থেকে দুই মেয়াদে পাওয়া টাকায় বেশ কয়েকটি সড়ক সংস্কার করা হয়েছে। এ তহবিল থেকে ২০০৮-০৯ সালে দুই কোটি ৮৮ লাখ এবং ২০১১-১২ অর্থবছরে চার কোটি ৫৩ লাখ টাকা পাওয়া যায়। প্রথম বরাদ্দের টাকায় চারটি ও দ্বিতীয় বরাদ্দের টাকায় আটটি সড়কের উন্নয়নকাজ করা হয়।পৌর মেয়র মোহাম্মদুর রহমান বলেন, ‘আমি সর্বাত্মক চেষ্টা করছি সড়ক উন্নয়নের। সামনে বিএমডিএফ থেকে আরও একটি বরাদ্দের আবেদন করেছি। এ অর্থ ছাড় হলে মূল সড়কগুলোতে আর কষ্ট থাকবে না। পাশাপাশি অভ্যন্তরীণ সড়কও সংস্কার করা হবে।’ নিজের ওয়ার্ডে উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘আমার ওয়ার্ডটি ছিল সবচেয়ে অবহেলিত। তার পরও প্রথম মেয়াদে সেখানে কোনো উন্নয়ন কাজ হয়নি। আগে অন্য ওয়ার্ডে কাজ করেছি। এরপর ঘরের দিকে নজর দিয়েছি।’