পৌরসভায় ৮০ লাখ টাকার কম্পিউটার ও সেলাইযন্ত্র প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার বাসিন্দাদের তথ্যপ্রযুক্তি ও সেলাইকাজ শেখানোর জন্য ৮০ লাখ টাকা মূল্যের কম্পিউটার ও সেলাইযন্ত্র সরবরাহ করা হয়েছে। তুরস্কের উন্নয়ন সংস্থা ‘টিকা’ এই অনুদান দেয়। এ ছাড়া সংস্থাটি কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চবিদ্যালয়ে আট কক্ষের একটি কম্পিউটার স্কুল ভবন তৈরির চুক্তি করেছে। এর মধ্যে গত ১৭ নভেম্বর প্রিপ্যারেটরি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় পৌরসভার দুস্থ নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রথম ধাপে ৭৪টি সেলাইযন্ত্র বিতরণ করা হয়। পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ নুরুল বাসির, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) একে আহমদ হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, টিকার বিশেষজ্ঞ বুরাক স্থারিয়াতলা ও মিকাইল তাদদেমির, পৌরসভার কাউন্সিলর হেলেনাজ তাহেরা, আশরাফুল হুদা সিদ্দিকী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম প্রমুখ। পৌরসভার কর্মকর্তারা জানান, পরবর্তী সময়ে আরও ৫০০টি সেলাইযন্ত্র প্রদান করা হবে। এ ছাড়া পৌরবাসীর জন্য দেওয়া ৯০টি কম্পিউটার পৌরসভার মেয়রের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।