পৌষের শেষ বেলায় ত্রিস্বরের আয়োজন
আলোকিত প্রতিবেদক:aপৌষের শেষ বেলায় গত শুক্রবার ত্রিস্বর আবৃত্তি সংঘ আয়োজন করে আবৃত্তি সন্ধ্যার। ‘কবিতা প্রতিধ্বনিত হোক প্রতিটি হূদয়ে’—সংগঠনের এ স্লোগানের প্রতিফলন দেখা গেছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে। শীত উপেক্ষা করে উচ্চারিত হয়েছে কবিতার জয়ধ্বনি। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফোরাম, চট্টগ্রামের সভাপতি আলোক মাহমুদ, বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজল হোসেন ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী। আবৃত্তি শুরু করেন ত্রিস্বর পরিবারের সদস্যরা। ওসমান মাহমুদ শোনান কবি মোক্তার হোসেনের ‘মানুষ’ ও সুলতানা নাসরীন পাঠ করেন আল মাহমুদের ‘সিকান্দার আবু জাফর স্মরণে’, মনোজ বাইনের ‘বিচারকরণ’ আবৃত্তি করেন শারমিন আক্তার, বেনজির হান্নান শোনান কবি নির্মলেন্দু গুণের ‘কাশবন ও আমার মা’ এবং ফরহাদ পলাশ শোনান রফিক আজাদের ‘প্রতীক্ষা’ কবিতাটি। এ ছাড়া ইসমত আরা, সায়মা তুলি, ওমর ফারুক, ফারহানা এলিয়া, শামসুল করিম আবৃত্তি মুগ্ধ করে শ্রোতাদের। এদিকে, কবিতায় কেটে যায় সময়। সন্ধ্যা গড়াল রাতে। শেষ হয় ত্রিস্বরের সদস্যদের পালা। এবার মঞ্চে আসেন চট্টগ্রামের বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীরা। প্রথমেই রবিশংকর মৈত্রীর ‘নয়নতারা চলে যাচ্ছে’ কবিতাটি নিয়ে আসেন তারুণ্যের উচ্ছ্বাসের শামীমা ইয়াসমীন। এরপর একে একে আসেন ত্রিতরঙ্গের মাসুদ তালুকদার, শব্দনোঙরের দিলরুবা খানম, বোধনের প্রণব চৌধুরী ও নরেন আবৃত্তি একাডেমির মিশফাক রাসেল। সবশেষে প্রমা আবৃত্তি সংগঠনের রাশেদ হাসানের আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় প্রাণবন্ত এ আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিস্বর আবৃত্তি সংঘের সাখাওয়াত রিগান।