প্যঁাচারদিয়ায় সমুদ্রস্নানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দিন কাটিয়ে দেওয়া যায় সমুদ্রের পাড়ে l প্রথম আলো
সারা দিন কাটিয়ে দেওয়া যায় সমুদ্রের পাড়ে l প্রথম আলো

সামনে সমুদ্রের জলরাশি। পেছনে পাহাড়। মাঝখানে বসতি। এলাকার নামেও বেশ চমক—‘প্যঁাচারদিয়া’। কোনো পাকা ঘর নেই। সারি সারি কুঁড়েঘর। একেবারে নির্জন গ্রাম। কিন্তু গ্রামের ঢুকেই চোখ কপালে উঠবে যে–কারও। কুঁড়েঘরেই এত্ত আয়োজন! রয়েছে শীতলযন্ত্র (এসি), টেলিভিশন, ফ্রিজ, ইন্টারনেটসহ আধুনিক সব অনুষঙ্গ। কক্সবাজারের অন্য রকম এই পর্যটনকেন্দ্র ‘মারমেইড ইকো রিসোর্ট’ ও ‘মারমেইড বিচ রিসোর্ট’। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে দক্ষিণে প্রায় ২৩ কিলোমিটার গেলে নজরে পড়ে সৈকত–তীরের এই পর্যটনকেন্দ্রটি। ঈদ ও পূজার ছুটিতে প্রিয়জনদের নিয়ে চলে আসতে পারেন পাহাড়ের কাছে সমুদ্রস্নানে।
পরিবেশবান্ধব এই পর্যটনকেন্দ্র কাছে টানছে পর্যটকদের; বিশেষ করে বিদেশি পর্যটকদের পছন্দের জায়গা এটি।
ঘুরে দেখা যায়, রিসোর্টের রয়েছে নিজস্ব সৈকত। প্রিয়জন অথবা পরিবারের সদস্যদের নিয়ে দিনভর এই সৈকতে একান্তে কাটানো যায়। রিসোর্টের আছে ছোট্ট একটি দ্বীপ, যেখানে পর্যটকেরা চাইলে বিচ পিকনিক ও বিভিন্ন উৎসব পালন করতে পারেন।
আছে বিচ বাইক, বাইসাইকেল, কায়াক রাইড, নৌকা ও গভীর সমুদ্রভ্রমণ, সাগরে মাছ ধরা, সার্ফিং ট্রেনিং, স্পিডবোট, হিল ট্রেকিং আর কত্ত–কী।
বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ ভাস্কর্যটিও এখানে। রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক বলেন, বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকতে শত শত কচ্ছপ ডিম পাড়তে আসে। কিন্তু সাগরে পুঁতে রাখা জালে আটকা পড়ে প্রতিবছর হাজারো কচ্ছপের মৃত্যু হচ্ছে। জেলেরা পিটিয়েও কচ্ছপ হত্যা করছে। অথচ নিরীহ এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না। এরা সমুদ্রের পরিবেশ রক্ষা করে। কচ্ছপ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভাস্কর্যটি এখানে স্থাপন করা হয়েছে। এটি তৈরিতে খরচ গেছে প্রায় ৩০ লাখ টাকা। ভাস্কর্যটি লম্বায় ৫৭, প্রস্থ ৩৫ ও উচ্চতা ১৮ ফুট। সমুদ্রসৈকত থেকে কুড়িয়ে আনা ভাঙা কাচের আয়না, প্লাস্টিক টুকরা, ভাঙা টাইলস—এসব দিয়ে কচ্ছপের ওপরে প্রলেপ তৈরি করা হয়। কচ্ছপের ভেতরে ৪০ থেকে ৫০ জন বসে যেকোনো ধরনের সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান করা যায়। ভাস্কর্যটি তৈরি করেন শিল্পী রনি আহমেদ। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ইতালির ভেনিস শহরের আন্তর্জাতিক ভাস্কর্য সম্মেলনে এটি উদ্বোধন করা হয়। গত দুই বছরে ফ্রান্স, আফ্রিকা, আমেরিকা, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রায় সাত হাজার পর্যটক এটি দেখতে আসেন।
এত কিছু হলো। এবার খাবার? দুপুর বা রাতে সি-ফুড, ইউরোপিয়ান, ক্যারিবীয় ও দেশি খাবার পাওয়া যায়। রকমারি পানীয় তো রয়েছেই। বিস্তারিত জানতে:
www.mermaidecoresort.com, [email protected]