প্যাঁচারদ্বীপে আলোর খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আকাশে আলোর ঝলকানি। মঞ্চে আগুন খেলা। এক পাশে ফানুস ওড়ানোয় ব্যস্ত একদল তরুণ-তরুণী। এর মধ্যেই ঘড়ির কাঁটা ঠেকল ১২টায়। চোখ আটকে যায় নির্জন সৈকতের বালুচরে। ছোট্ট ডিঙিনৌকায় জ্বলে উঠল ‘১৫’, স্বাগত ২০১৫। উল্লাসে ফেটে পড়লেন হাজারো পর্যটক। কক্সবাজারের প্যাঁচারদ্বীপে এমনই আলোর খেলায় বরণ করা হয় নতুন বছর।
কক্সবাজার শহর থেকে ২৪ কিলোমিটার দূরে প্যাঁচারদ্বীপের মারমেইড বিচ রিসোর্টে এবার অন্য রকমভাবে উদ্যাপিত হলো থার্টি ফাস্ট নাইট। দেশি-বিদেশি বিপুলসংখ্যক পর্যটক মেতে ওঠেন এই উৎসবে।
গত ৩১ ডিসেম্বর রাত ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয় পপসংগীত দিয়ে। গানের তালে তালে পর্যটেকরাও নেচে চলেন। এদিকে নজর কাড়ে পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ ভাস্কর্যটির আলোকসজ্জা।
উৎসব দেখে মুগ্ধ ফান্স থেকে আসা হেলেন নামের এক তরুণী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে তারকামানের হোটেলে বহু থার্টি ফাস্ট নাইট উদ্যাপন করেছি। কিন্তু নির্জন সৈকতের এই নাইট অন্য রকম। এখানে সবই সৃজনশীল, দৃষ্টিনন্দন। আগুন নিয়ে নানা ভঙ্গিমার প্রদর্শনী আমাকে মুগ্ধ করেছে।’
রাত ১১টায় অতিথি-পর্যটকেরা মঞ্চের সামনে খোলা মাঠে জড়ো হন। সেখানে তখনো বাজানো হচ্ছিল পপসংগীত। এভাবে নেচে-গেয়ে সময় কাটে আরও এক ঘণ্টা। রাত ১২টা ১ মিনিটে আকাশ আলোকিত করে আতশবাজি। এরপর অন্ধকার সমুদ্রের পানিতে রাখা ডিঙি নৌকা আলোকিত হয়ে ভেসে ওঠে। তাতে লেখা ‘১৫’।
সেখানেই কথা হয় থার্টি ফাস্ট নাইট মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহার সঙ্গে। তিনি বলেন, কক্সবাজারের তারকামানের তিনটি হোটেল, সমুদ্রসৈকতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে থার্টি ফাস্ট নাইটের একাধিক জমকালো আয়োজন চলে। কিন্তু মারমেইড বিচ রিসোর্ট অন্য রকম।
মারমেইড বিচ রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, ‘লাভ-ক্ষতির হিসাব করে নয়, বরং দেশি-বিদেশি পর্যটকের সুস্থ বিনোদনসেবা দিতেই এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’