প্যাকেটজাত হলেই দাম বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে বস্তা ও কার্টন ভর্তি করে আমদানি করা খেজুর বাজারে বিক্রি হচ্ছে ৪০০ গ্রামের প্যাকেটজাত করে। প্যাকেটজাত করার পর এসব খেজুরের দামও নেওয়া হচ্ছে বেশি। রোজা শুরুর পর সাধারণ মানের এসব খেজুরের দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়েছে।বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবচেয়ে নিম্নমানের খেজুর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকায়। তবে এসব খেজুরের প্রতি ক্রেতাদের আকর্ষণ কম। বরং প্যাকেটজাত করে বিক্রি হওয়া সাধারণমানের খেজুরের দিকেই ক্রেতাদের ঝোঁক বেশি। বিক্রেতারা জানান, সাধারণ মানের খোলা খেজুর কেজিপ্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আবার এসব খেজুর প্যাকেটজাত করে প্রতি ৪০০ গ্রাম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। সেই হিসাবে কেজিপ্রতি দাম পড়ে ২২৫ থেকে ২৫০ টাকা।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির হিসাবে, এক সপ্তাহ আগে প্রতিকেজি খেজুর মানভেদে বিক্রি হয়েছিল ৯০ থেকে ১২০ টাকায়। একই মানের খেজুর এ সপ্তাহে বিক্রি হয় ৯০ থেকে ১৫০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে খেজুরের দাম বেড়েছে গড়ে ২০ শতাংশ। কাস্টমস হাউসের তথ্যানুযায়ী, গত অর্থবছরে খেজুর আমদানি হয় ৩৪ হাজার ২১০ টন। এর মধ্যে সাধারণ মানের ভেজা খেজুর আমদানি হয় ৩৩ হাজার ৫০৪ টন। শুকনা খেজুর আমদানি হয় ৭০৬ টন।রোজাকে কেন্দ্র করে প্রতিবছর জানুয়ারি থেকে খেজুর আমদানি শুরু হয়। এবার গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খেজুর আমদানি হয় সাড়ে ২৫ হাজার টন। গত বছর একই সময়েও আমদানি হয় প্রায় ২৫ হাজার টন। রোজায় ২০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে বলে ব্যবসায়ীদের ধারণা।খাতুনগঞ্জের খেজুর আমদানিকারক মানিক চৌধুরী প্রথম আলোকে বলেন, খেজুর আমদানিকারকদের সিংহভাগ ঢাকার। চট্টগ্রামের গুটিকয়েক আমদানিকারক খেজুর আমদানি করেন। বাজারে সবচেয়ে বেশি চলে সাধারণ মানের খেজুর।কাস্টমস হাউস সূত্র জানায়, সারা বছর কম-বেশি অর্ধশতাধিক প্রতিষ্ঠান খেজুর আমদানি করে। তবে রোজার আগে গত মাসে সাতটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে ৯৭৬ টন ভেজা খেজুর আমদানি করে। এসব খেজুরের কেজিপ্রতি দাম পড়েছে গড়ে ৪১ টাকা। এর মধ্যে নিম্নমানের খেজুর কেজিপ্রতি ৩৬ টাকা এবং সাধারণ মানের খেজুর কেজিপ্রতি ৫০ টাকা দরে আমদানি হয়েছে বলে নথিপত্রে উল্লেখ করেন আমদানিকারকেরা। শুল্ক-কর পরিশোধ ও খালাসের খরচ শেষে এসব খেজুর প্যাকেটজাত করে নানা নামে বাজারে বেশি দামে বিক্রি হয়।